প্যাসিফিক কেমিক্যাল মেট্রোলজি এওয়ার্ড পেলেন বিজ্ঞানী মালা খান
ড. মালা খান একজন বৈজ্ঞানিক কর্মকর্তা। তার গবেষণার বিষয় কেমিক্যাল মেট্টোলজি। বাংলাদেশে তিনিই প্রথম নারী যিনি এ বিষয়ের ওপর গবেষণা করে ডিআরআইসিএম-এর খ্যাতি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিয়েছেন। দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এর সেবা নিচ্ছে।
বাংলাদেশে কেমিক্যাল মেট্টোলজির ওপর গবেষণা কর্মের সফলতার কথা এলেই বিজ্ঞানী ড. মালা খানের নামটি চলে আসে। তার অক্লান্ত অধ্যবসায়, পরিশ্রমে এ অর্জন সম্ভব হয়েছে। ড. মালা খান কর্মরত রয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণার ‘ডেজিগনেটেড রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস’-এ। তার অভিভাবকদের ইচ্ছে ছিল মেয়ে ডাক্তার হবে। কিন্তু ছেলেবেলায় ড. মালার আগ্রহ ছিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। সেই আগ্রহ থেকে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ভর্তি হওয়া কম্পিউটার সায়েন্স অব ইঞ্জিনিয়ারিং বিষয়ে। ২০০১ সালে তিনি এই বিষয়ের ওপর গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। স্নাতকে মেধা তালিকায় সর্বোচ্চ নম্বর পাওয়ায় পেয়েছেন প্রেসিডেন্ট গোল্ড মেডেল।






