মৌলভীবাজার :: মৌলভীবাজারে পূর্বশত্রুতার জের ধরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের ৪ জন। সাধারণ আহত হয়েছেন আরও কয়েকজন নারী ও শিশু। গুরুতর আহত সৈয়দ রাসেল আলী, সৈয়দ জমশেদ আলী, সৈয়দ মোর্শেদ আলী ও সৈয়দ মুবেদ আলী নামে ৪ জন মুমুর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে হামলাকারী ও হামলায় সংশ্লিষ্ট পারভেজ (২২), কুতুব মিয়া (৫৫), রাকিব আলী (৪৫), নুরুল ইসলাম (৪৭), ফারুক মিয়া (৪৫), মলাই মিয়া (৪৫), আরফান মিয়া (৩২), আনর মিয়া (২৩), ফেরদৌস মিয়া (১৪), মাসুক মিয়া (৬১), রুমেল তরফদার (৪৩), মন্নান মিয়া (৪৫) ও আব্দুর রফিক (৩১) নামে ১৩ জনকে গ্রেফতার করে। ভয়াবহ সন্ত্রাসী হামলার এ ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থিত নোয়ারাই গ্রামে আজ ১৩ জুলাই শুক্রবার পবিত্র জুমার নামাজের পর। মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মডেল থানার ওসি সোহেল আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আখাইলকুরা ইউপি চেয়ারম্যান সেলিম আহমদও ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসী হামলার শিকার পরিবারকে শান্তনা এবং ধৈর্য্য ধরার পরামর্শ দেন। সর্বশেষ- এ সংবাদ পরিবেশন পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।







