এমদাদুর রহমান চৌধুরী জিয়া ঃ সিলেট বন বিভাগের ডিএফও এসএম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় জাফলং এ ২২ একর ও রেডল্যান্ডে ৫০০ একর ভূমি জবর দখল মুক্ত করে মোর্তা বাগান করার পর এখন আলাচনায় সিলেট বিভাগের সাহসী অভিযানগুলো। বনজ সম্পদ রক্ষায় ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে হবিগঞ্জ জেলার বাহুবলে ৫টি অবৈধ করাত কলের যন্ত্রপাতি জব্দ করে মামলা দিয়েছে সিলেট বনবিভাগ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী।
বন বিভাগ সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার হাজিমাদাম গ্রামের হাবিবুর রহমান বিলাত, ডুবাঐ এলাকার আজিজুর রহমান, বাহুবল গ্রামের নূরুল হক চৌধুরী, চলিতাতলার জসিম ও নূরুল হুদা চৌধুরী শাহীন’র অবৈধ করাতকলে বন বিভাগ অভিযান চালায়। এ অভিযানকালে করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করে বন আইনে মামলা হয়েছে।
বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল ও হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ হোসেনের নেতৃত্বে বন বিভাগের শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ রেঞ্জ ও চেকস্টেশনের বন কর্মকর্তাগণসহ বাহুবল থানার পুলিশের একটি টিম এ অভিযানে অংশগ্রহণ করে।
এ ব্যপারে সিলেট বিভাগের বন কর্মকর্তা ডিএফও এসএম সাজ্জাদ হোসেন জানান, সিলেট বন বিভাগর্ বনজ সম্পদ রক্ষায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে জীবনের ঝুকি নিয়ে বন খেকোদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এতে করে প্রভাবশালীদের রক্তচক্ষু চিন্তা না করে সরকারের বনজ সম্পদ রক্ষার কথা মাথায় রেখে কাজ করা হচ্ছে। সিলেট বন বিভাগ ইতিপূবে জাফলং এ ২২ একর জমি উদ্ধার ছাড়াও রেডল্যান্ডে ৫০০ একর ভূমি জবর দখল মুক্ত করে সেখানে গড়ে তোলা হয়েছে মোর্তা বাগান।







