আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধিঃসাভার উপজেলার ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়নে দিগন্তজোড়া ফসলের মাঠে শুধু গাজরের সমাহার। প্রায় ২০ গ্রামের সবুজ শ্যামল গ্রামের মাঠ যেন হলুদ-কমলা রঙের গাজর দিয়ে সাজানো হয়েছে। আর এই প্রকৃতির মাঝেই হারিয়ে যাচ্ছে সেখানকার কৃষক। সেখানে যতদূর দৃষ্টি যায় শুধু গাজরের ক্ষেত। গাজর চাষের জন্য বিখ্যাত অঞ্চল হিসেবে স্বীকৃতি মিলেছে এই সাভার উপজেলার। জেলার চাহিদা মিটিয়ে এখানকার গাজর যাচ্ছে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় পাইকারি বাজারে। বিদেশেও রপ্তানি করা হচ্ছে এখানকার গাজর। এই উপজেলায় গাজর চাষের ঐতিহ্য দেশজুড়েই বিদ্যমান। প্রায় বিশটি গ্রামে দিগন্তজোড়া ফসলের মাঠজুড়ে হাজারো কৃষক গাজর আবাদ করে আসছে বছরের পর বছর ধরে। এ বছর এই উপজেলায় গাজরের বাম্পার ফলন হওয়ায় কৃষকেরা খুশি। এখানকার সুস্বাদু গাজর বাজারে ২৫ থেকে ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সাভার উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবার উপজেলায় কয়েক’শ হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে। উপযুক্ত আবহাওয়া আর বেলে-দোআঁশ মাটির কারণে এই এলাকায় গাজর আবাদ বেশি হয়ে থাকে।
কৃষকরা জানিয়েছে, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় গাজরের বাম্পার ফলন হয়েছে। গাজর বিক্রি করে ভালো দামও পাচ্ছেন। গাজর চাষীদের সবধরণের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ।








