সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকায় জিসান নামের এক কিশোর খুন হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আরো ২জন আহত হয়েছে।
রবিবার (২ মে) রাত পৌঁনে ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকার চুবড়া ব্রিকফিল্ডের সামনে মূলসড়কে কথা কাঁটাকাঁটি নিয়ে জিসান ও শরীফ আহমদ এর সাথে আনোয়ার গংদের ঝগড়াঝাটি হয়।
স্থানীয়রা জানান, কথা কাঁটাকাঁটির এক পর্যায়ে শরীফ আহমদ গংরা জিসানের উপর হামলা চালায় এবং কেচি দিয়ে ঘাড়ে মাথার পিছনে ও হাতে স্টেপিং করে গুরুতর রক্তাক্ত জখম করে।
এসময় স্থানীয় লোকজন জখমীদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথে রাস্তার মধ্যে জিসানের মৃত্যু হয় বলে জানা যায়।
মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকার হামিদ মিয়ার কলোনীর ভাড়াটিয়া সাইদুল ইসলামের ছেলে নিহত তানজিম চৌধুরী জিসান (১৪) এবং নূরুদ আলীর ছেলে আহত মোবারক মিয়া। তারা হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সুজাতপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, মারামারির ঘটনায় জিসান নামের একজন নিহত হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে রফিক মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩০)কে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আনোয়ার হোসেন পৌরসভার ৩নং ওয়ার্ডের রঘুনন্দনপুর এলাকার ভাড়াটিয়া। তাদের স্থায়ী ঠিকানা রাজনগর।






