আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কমলগঞ্জে কাচা সড়কে জনদুর্ভোগ, প্রবাসীর অর্থায়নে সংস্কার, দ্রুত পাকা করণ দাবি 

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রবাসী আম্বর আলীর বাড়ি পর্যন্ত দীর্ঘদিন ধরে অবহেলিত কাঁচা সড়কটি নিজ উদ্যোগে সংস্কারের কাজ শুরু করেছেন এলাকাবাসী। শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে ইট ও বালি ফেলে সড়কটি চলাচল উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে গ্রামবাসী চরম দুর্ভোগে পড়ছেন। সামান্য বৃষ্টিতেই কাদায় ভরে যায় রাস্তা, ফলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসা বন্ধ হয়ে যায়। একই সঙ্গে অসুস্থ রোগী বা গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। এমনকি কেউ মারা গেলে লাশ বহন করতেও সমস্যার সম্মুখীন হতে হয়। 

এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার পর থেকে এ সড়কে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন কাজ হয়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরের নজর না থাকায় রাস্তাটি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় প্রবাসী আম্বর আলীর অর্থায়নে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে ইট ও বালি দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হলে এলাকাবাসী তাকে ধন্যবাদ জানান এবং দ্রুত সড়কটি পাকা করার দাবি তোলেন। 

সংস্কার কাজে উপস্থিত ছিলেন জগন্নাথপুর এলাকার বিশিষ্ট মুরব্বী মো. তাজ মিয়া, বারিক মিয়া, আসকর মিয়া, রহিমপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য খুসবা বেগম, ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক শেখ মো. মুজাহিদ মিয়া, আনকার মিয়া, হাফেজ মাওলানা আব্দুছ সালাম, আব্দুল মতিন, দুলাল মিয়া, মাহমুদ মিয়া, করম আলি, মজলু মিয়া, সাইদুল মিয়াসহ অনেকে। স্থানীয় সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে অংশ নেন।

এ বিষয়ে মোবাইল ফোনে ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, “স্থানীয়দের এই উদ্যোগ প্রশংসনীয়। ইউনিয়ন পরিষদের তহবিল থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে এবং সড়কটি পাকা করতে যা যা দরকার, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।”

গ্রামবাসীর দাবি, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসড়ক হওয়ায় দ্রুত স্থায়ীভাবে পাকা করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত উন্নয়ন কাজ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।