আজ-  ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত «» কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব সম্পন্ন ; চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় «» এম.নাসের রহমান এমপি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন «» শহীদ জিয়ার আদর্শে তৃণমূল থেকে উঠে আসাছাত্রদল,যুবদল হয়ে বিএনপির একজন সক্রিয় কর্মী। «» ১৭/০৫/২০২৬মৌলভীবাজার চা-শ্রমিক সংঘের শ্রম মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি «» বৃটেনে নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের উৎসবমুখর পরিবেশে জার্সি উন্মোচন «» ক্যামেলিয়া হাসপাতাল চালু, ঐশী রবিদাসের মৃত্যুর যথাযথ তদন্তসহ ৪ দফা দাবিতে চা-শ্রমিকদের স্বারকলিপি প্রদান «» সময় বাড়লো! দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৬-এর জন্য প্রতিবেদন জমা দেওয়ার বর্ধিত শেষ তারিখ ৩১ মে ২০২৬ «» শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা

শ্রীমঙ্গলে ২৪ ঘন্টায় ১৫৮ মিমি বৃষ্টির রেকর্ড, ঝড়ো হাওয়ায় ক্ষয়ক্ষতি

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল, যা দেশের অন্যতম বৃষ্টি প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত, সেখানে গত ২৪ ঘন্টায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৭ এপ্রিল সকাল ৬টা থেকে ২৮ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত মোট ৩০ ঘন্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৫৮ মিলিমিটার।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এর আগের ২৪ ঘন্টায় (২৬ এপ্রিল সকাল ৬টা থেকে ২৭ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) ৫০ মিলিমিটার এবং তার আগের দিন ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ফলে গত চার দিনে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৯ মিলিমিটার।

এদিকে, ২৭ এপ্রিল রাত সোয়া ৯টার দিকে শ্রীমঙ্গলে ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ৫৬ কিলোমিটার (৩০ নটিক্যাল মাইল) রেকর্ড করা হয়। এ ঝড়ো হাওয়ায় বিদ্যুতের লাইন, রাস্তার উপর গাছপালা এবং হালকা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে পল্লী বিদ্যুৎ কর্মী ও ফায়ার সার্ভিস সদস্যদের গাছ অপসারণ ও বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে দেখা গেছে। এতে সড়ক যোগাযোগও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে বৃষ্ট্রি ও ঝড়ো হাওয়ায় বিদ্যুতের লাইন, রাস্তার উপর গাছপালা