প্রেসবিঞ্জপ্তি তাঃ ০১/০৫/২০২৬
মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন
‘৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন’
মহান মে দিবসের ঐতিহাসিক শিক্ষাকে সামনে রেখে ‘৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন’ এই আহবানে দৃপ্ত শপথ আর অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখা আন্তজাতিক শ্রমিক সংহতি দিবস “মহান মে দিবস” পালন করে। ১ মে শুক্রবার সকাল ১০ টায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন। সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি নিরজ্ঞন দাশ, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের মোঃ সোহেল মিয়া, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ সুমন, চা-শ্রমিক সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, ফেঞ্চুগঞ্জ উপজেলা স’মিল শ্রমিক সংঘের সাবেক সাধারণ সম্পাদক বিপুল চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা স’মিল শ্রমিক সংঘের কোষাধ্যক্ষ মোঃ মসুদ মিয়া, নারী চা-শ্রমিক নেত্রী লক্ষীমনি বাক্তি, জেলা এনডিএফ সদস্য কিসমত মিয়া, রিকশা শ্রমিকনেতা মোঃ দুলাল মিয়া ও গিয়াস মিয়া, চা-শ্রমিকনেতা মধুরজক প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন ১৮৮৬ সালে রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণি সামাজিক স্বীকৃতি এবং বিশ্বব্যাপী ৮ ঘন্টা শ্রম, ৮ ঘন্টা বিশ্রাম ও ৮ ঘন্টা বিনোদনের দাবি প্রতিষ্ঠিত করে। ৮ ঘন্টা শ্রম দিবস এবং মহান মে দিবসে ছুটি কারো দান নয় বরং শ্রমিক শ্রেণির রক্তস্নাত পথে অর্জিত অধিকার। বক্তারা শ্রমিক শ্রেণির মহান শিক্ষা গুরু কমরেড এঙ্গেলেসের বক্তব্য উদৃত করে বলেন ‘মে দিবসের সংগ্রাম শুধু মাত্র ৮ ঘন্টা শ্রম দিবসের মধ্যেই সীমাবদ্ধ নয়, মে দিবসের সংগ্রাম শ্রমিক শ্রেণির মজুরি দাসত্ব ব্যবস্থার উচ্ছেদের অবিচ্ছেদ্য সংগ্রাম।’ তাই আজকে প্রতিক্রিয়াশীল মহলসহ বিভিন্ন মহলের উদ্দেশ্যমূলকভাবে মে দিবস পালনের বিপরীতে শ্রমিকশ্রেণিকে মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মজুরি দাসত্ব উচ্ছেদ করে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার দৃপ্ত শপথ নিয়ে অগ্রসর হতে হবে। এবার মে দিবস এমন এক সময়ে পালিত হচ্ছে যখন সমগ্র ইউক্রেন, ফিলিস্তিন, ইরান, লেবাননসহ মধ্যপ্রাচ্য, পাক-আফগান, পাক-ভারতসহ বিশ্বব্যাপী আন্তঃসাম্রাজ্যবাদী প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতায় বাণিজ্য যুদ্ধ, মুদ্রা যুদ্ধ, সর্বাত্মক রূপ ধারণ করে অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির ফলে শ্রমিকশ্রেণির মজুরি বৃদ্ধি আন্দোলন অপরিহার্য হয়ে পড়েছে। তেমনি স্থানিক ও আঞ্চলিক যুদ্ধের ধারাবাহিকতায় যুদ্ধ তথা পারমানবিক অস্ত্রের ব্যবহারসহ বিশ্বযুদ্ধের বিপদ তরান্বিত করছে। আন্ত্রঃসাম্রাজ্যবাদী যুদ্ধের আরেকটি ক্ষেত্র হতে যাচ্ছে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য যুদ্ধ। আর্ন্তজাতিক পরিস্তিতির প্রভাব পড়ছে বাংলাদেশসহ এতদ্বাঞ্চলে। নয়াউপনিবেশিক-আধাসামন্তবাদী মালাক্কা প্রণালী সংলগ্ন বঙ্গোপসাগরীয় দেশ বাংলাদেশের ভূরাজনৈতিক ও রণনীতিগত সামগ্রিক গুরুত্বের প্রেক্ষিতে মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীদের সাথে সাম্রাজ্যবাদী চীন ও রাশিয়ার আধিপত্য, প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হয়ে চলেছে। প্রতিবেশি মিয়ানমারে সাম্রাজ্যবাদীদের পরিকল্পনায় গৃহযুদ্ধময় পরিস্থিতি বাংলাদেশের সংকটময় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সাম্রাজ্যবাদ-সামন্তবাদ, আমলা-দালাল পুঁজির নির্মম শোষণ-লুণ্ঠন এবং তাদের স্বার্থরক্ষাকারী সরকারের নির্মম শাসনে শ্রমিক-কৃষক জনগণের জীবন আজ আরো দুর্বিষহ ও বিপর্যস্থ হয়ে পড়েছে। মুদ্রাস্ফীতি-মূল্যস্ফীতি এবং জ্বালানি, গ্যাস, বাড়িভাড়া, গাড়িভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্দ্ধগতিতে শ্রমিক-কৃষক, মেহনতি জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে জীবন জীবিকা আরো সংকটগ্রস্থ ও অনিশ্চিত করে তুলেছে। দেশের শ্রমিক-কৃষক, মেহনতি জনগণ এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি চায়। তাই মে দিবসের ঐতিহাসিক শিক্ষাকে সামনে রেখে মজুরি বৃদ্ধির আন্দোলনকে ধারাবাহিকভাবে অগ্রসর করে মজুরি দাসত্ব উচ্ছেদের আন্দোলন-সংগ্রামে পরিণত করতে হবে। একই সাথে আন্তঃসাম্রাজ্যবাদী আগ্রাসী যুদ্ধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শ্রমিক শ্রেণিকে সোচ্চার হয়ে অন্যায় যুদ্ধের বিরুদ্ধে ন্যায় ও বিপ্লবী যুদ্ধের পথে অগ্রসর হওয়া হতে হবে।
আলোচনা সভা দুপুরে বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন ও লাল পতাকার বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন‘৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন’
Catagory : সারা দেশ | তারিখ : মে, ১, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ • ৬ বার পঠিত






