রাবেয়া সুলতানা, (বগুড়া)প্রতিনিধি:
আগামী পাঁচ বছরের জন্য বগুড়ার আদমদীঘি উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ক্ষমতায় এলে পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচির যাত্রা শুরু হলো। আজ শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১২ টায় উপজেলা চত্বরে নানা প্রজাতির গাছের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম। এরপর উপজেলার রক্তদহ বিল পাড়ে এবং সান্তাহার পৌরসভার সরকারি কলেজ সড়কের পাশে এই কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা কৃষি কর্তকর্তা রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, বিএনপি নেতা গোলাম মোস্তফা, আবু মোতালেব, মেহেদী হাসান, মোতালেব হোসেন, মুনছুর আলী, স্বেচ্ছাসেবক দলনেতা মিলন, যুবদল নেতা রিয়ন সরকার, সোহেল রানা, ইউপি সচিব রবিন, ইউপি সদস্য রঞ্জু, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, উপজেলা বন কর্মকর্তা ইমরান, পৌরসভার উপ সহকারি প্রকৌশলী মাশফিকুর রহমান, কার্যসহকারী রফিকুল ইসলাম, অফিস সহকারী জাহাঙ্গীর আলম, তুহিন ইসলাম ও হাবিবুর রহমান প্রমুখ। ইউএনও মাসুমা বেগম জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। মূলত এর মাধ্যমে বনাঞ্চল সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারের আশা, এই উদ্যোগ দেশের সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






