মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে পাড়া-মহল্লায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য অনুমোদনহীন ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র। যথাযথ তদারকি ও মনিটরিং না থাকায় এসব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই সড়কে গাড়ি চালাচ্ছেন, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ ড্রাইভিং স্কুলে নেই কোনো মানসম্মত প্রশিক্ষণ ব্যবস্থা, দক্ষ প্রশিক্ষক কিংবা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অনুমোদিত কারিকুলাম। প্রশিক্ষণের পরিবর্তে শুধুমাত্র কয়েকদিন গাড়ি চালিয়ে দেখিয়েই “প্রশিক্ষণ সম্পন্ন” করা হচ্ছে। ফলে সড়কে বাড়ছে অদক্ষ ও অনভিজ্ঞ চালকের সংখ্যা। বাংলাদেশ সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ড্রাইভিং স্কুলের নিবন্ধন প্রতি পাঁচ বছর পরপর নবায়ন বাধ্যতামূলক। সাইনবোর্ড টাঙিয়ে অস্থায়ী অফিস খুলে চলছে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম। কিন্তু বাস্তবে নেই বহু প্রতিষ্ঠান কোনো নবায়ন ও নিবন্ধন। কোথাও নেই পর্যাপ্ত খোলা জায়গা, নেই নির্ধারিত প্রশিক্ষণ মাঠ কিংবা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। অনেক প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন অনভিজ্ঞ ব্যক্তিরা, যাদের নিজস্ব দক্ষতা ও বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মোটরযান ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল স্থাপন ও পরিচালনার লাইসেন্স প্রাপ্ত একমাত্র মোটর ড্রাইভিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘মা মটর ড্রাইভিং স্কুল’ এর প্রো: ফারুক আহমেদ জানান- দীর্ঘদিন ধরে মৌলভীবাজার কোর্ট রোড, বেরীরপার, জুগিডর, কুলাউড়া রোড, চাঁদনীঘাট, শাহ মোস্তফা রোড, আখাইলউড়া, শহরের কুসুমবাগ ও কুদালীপুল এলাকায় প্রায় ১২টির অধিক ড্রাইভিং স্কুল প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে। এতে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থীরা প্রতারিত হওয়ার পাশাপাশি সড়ক নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হলেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয় নি। এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার বিআরটিএ মোটরযান পরিদর্শক মো: সেলিম হাসান বলেন- ‘মা মটর ড্রাইভিং স্কুল’ সরকার অনুমোদিত। আমাদের রেকর্ড অনুযায়ী এ ছাড়া অন্য কোনো ড্রাইভিং স্কুলের লাইসেন্স নেই। ”অবৈধ অন্যান্যদের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। মৌলভীবাজার ট্রাফিক বিভাগের ট্রাফিক পুলিশ পরিদর্শক (এডমিন) মো: কামরুল ইসলাম বলেন-“নির্দেশনা দেওয়া আছে, যারা অবৈধভাবে প্রশিক্ষণরত গাড়ি সড়কে নিয়ে আসবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”। এদিকে সচেতন মহল অবৈধভাবে পরিচালিত ড্রাইভিং স্কুলগুলোর বিরুদ্ধে দ্রুত তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় বিআরটিএ, জেলা প্রশাসন ও ট্রাফিক পুলিশের সমন্বিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
মৌলভীবাজারে নজরদারির অভাবে বাড়ছে অদক্ষ চালক : অবৈধভাবে চলছে প্রায় ১২টি প্রতিষ্ঠান
Catagory : সারা দেশ | তারিখ : জুলাই, ২৩, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ • ৫ বার পঠিত






