আজ-  ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা «» শ্রীমঙ্গলে পথশিশুদের নিয়ে চিড়িয়াখানায় আনন্দঘন ভ্রমণ «» যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন

মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের ‘ফ্যামিলি বাজারে’ মৃত মুরগি বিক্রির অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাসুমুর রশিদ মাসুম। একই সঙ্গে তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মাসুমুর রশিদ বলেন, গত ১৩ আগস্ট ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৃত মুরগি বিক্রির অভিযোগে তার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে। তিনি ওই জরিমানার টাকা পরিশোধ করেছেন বলেও জানান।

তিনি দাবি করেন, অতিরিক্ত গরম বা বিরূপ আবহাওয়ায় কোনো কোনো মুরগি মারা গেলে সেগুলো বিক্রিযোগ্য মুরগি থেকে আলাদা করে রাখা হয়। পরে কুকুর বা চিড়িয়াখানার প্রাণীর খাবার হিসেবে কিছু ব্যক্তি কর্মচারীদের কাছ থেকে এসব মুরগি নিয়ে যান। এটি প্রতিষ্ঠানের নিয়মিত ব্যবসার অংশ নয় বলেও দাবি করেন তিনি।

মাসুমুর রশিদের অভিযোগ, তার বক্তব্য না নিয়ে ঘটনাটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একতরফাভাবে ‘মৃত মুরগি বিক্রি’ হিসেবে প্রচার করা হয়েছে। এতে দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে। এর পেছনে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, প্রায় ছয় মাস আগে তার দোকানে দুর্গন্ধযুক্ত গরুর মাংস রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। বর্তমান ঘটনাটিও পরিকল্পিত হতে পারে বলে তিনি মনে করেন।

এ সময় মাসুমুর রশিদ সাংবাদিক পরিচয়দানকারী রোমানা আক্তার শিফার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ভিডিও ধারণের সময় তিনি কর্মচারীদের কাছে মরা মুরগি আছে কি না জানতে চান এবং তিনটি মুরগি ১২০ টাকায় নেওয়ার প্রস্তাব দেন। এ ঘটনায় তার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, এর আগে রোমানা আক্তার শিফা তার কাছ থেকে মুরগি নেওয়ার সময় দামাদামি করেছিলেন এবং কম দামে মুরগি না দেওয়ায় তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মাসুমুর রশিদ বলেন, “কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য যাচাই না করে মনগড়া ও বিভ্রান্তিকর প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানাই।”

সংবাদ সম্মেলনে শ্রীমঙ্গল পোল্ট্রি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান ও ফল ব্যবসায়ী হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বক্তব্য এবং অভিযোগকারী রোমানা আক্তার শিফার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মাসুমুর রশিদ