২৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ, সাতজন পেলেন ‘বেস্ট রিডার’ সম্মাননা
সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
বই পড়ার অভ্যাস গড়ে তোলা ও শিক্ষার্থীদের মননশীলতা বিকাশের লক্ষ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
‘বই পড়ি, মন গড়ি’ স্লোগানে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং শ্রীমঙ্গল আবৃত্তি উৎসবের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী দেবাশীষ দাস।
উৎসবে চূড়ান্তভাবে নির্বাচিত ৭০ জন বিজয়ী শিক্ষার্থীর মধ্যে সাতজনকে ‘বেস্ট রিডার’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে সনদ, ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় গান ও নৃত্য পরিবেশিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী এ উৎসবে অংশ নেয়। দুই মাসব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা এবং নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে ভূমিকা রাখবে। পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরেও বিভিন্ন ধরনের বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তাশক্তি ও জ্ঞানের পরিধি বাড়াতে উৎসাহিত হবে।
ছবির ক্যাপশন: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তিতে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দিচ্ছেন।






