করোনা ভাইরাস রোগ বা কোভিড-১৯ একটি সংক্রামক রোগ, যা করোনা ভাইরাসের নতুন একটা প্রজাতির মাধ্যমে মানুষকে আক্রান্ত করছে। ৩১ ডিসেম্বর ২০১৯ এ প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীন সরকার উহান প্রদেশে অজানা কারণে নিউমোনিয়ার প্রাদুর্ভাবের তথ্য জানায়। ৭ জানুয়ারি ২০২০ চীন এই অজানা নিউমোনিয়ার জন্য দায়ী হিসেবে একটি নতুন প্রজাতির করোনা ভাইরাসকে চিহ্নিত করে। ৩০ জানুয়ারি ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস সম্পর্কে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সতর্কতা জারি করে এবং ১১ মার্চ ২০২০ একে মহামারি বা অতিমারি (pandemic) হিসেবে ঘোষণা করে। জন হপকিন্স ইউনিভার্সিটির করোনা ভাইরাস রিসোর্স সেন্টারের তথ্যমতে ১৪ জুন ২০২০ তারিখ পর্যন্ত সারা বিশ্বের ১৮৮টি দেশে সর্বমোট ৭৭ লক্ষ ৬৪ হাজার ৯৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং চার লক্ষ ২৯ হাজার ৬৬৬ জন মৃত্যুবরণ করেছে।
বাংলাদেশে ২১ জানুয়ারি হতে করোনা ভাইরাস আক্রান্তের নমুনা পরীক্ষা শুরু হয়। সর্ব প্রথম ৮ মার্চ সর্বপ্রথম ৩ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় , এবং ১৮ মার্চ সর্বপ্রথম ১ জন মৃত্যুবরণ করে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে ১৪ জুন পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৫২০ জন এবং ১ হাজার ১৭১ জন মৃত্যুবরণ করেছে। আক্রান্তের সংখ্যার হিসেবে ১৩ জুন পর্যন্ত সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ ১৮ তম অবস্থানে রয়েছে এবং নতুন রোগী সনাক্ত হওয়ার সংখ্যার দিক হতে ১১তম অবস্থানে রয়েছে। ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার কারণে বাংলাদেশে এই রোগের ঝুঁকি আরও বেশি।
এছাড়া বাংলাদেশে করোনা ভাইরাসের কারণে দেশের মানুষের জীবন ও জীবিকায় মারাত্মক সংকট তৈরি হয়েছে। বিশ্ব ব্যাংকের আশংকা অনুযায়ী, করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী প্রায় ৫ কোটি মানুষ অতি দারিদ্র্যের কবলে পড়বে। এছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আশংকা করছে, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ জিডিপির প্রায় ১.১% হারাবে, এবং প্রায় ১ কোটি লোক বেকার হবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) মতে, করোনার প্রভাবে আয় কমে যাওয়ায় দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে এবং সার্বিকভাবে দারিদ্র্যের হার ৩৫ শতাংশে উন্নীত হয়েছে।
বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন