সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সমাজকল্যাণ খাতে অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ১৪ কোটি টাকা ব্যয়ে দুটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, মৌলভীবাজারের উপপরিচালক মো. হাবিবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন্দ, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রকিব।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী এবং উপজেলা যুবদল আহবায়ক মহিউদ্দিন জারু, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব রাজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা ব্যয়ে একটি চারতলা ও একটি পাঁচতলা ভবন নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে সিমেক কনস্ট্রাকশন গ্রুপের আওতাধীন নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান।
সংশ্লিষ্টরা জানান, প্রায় ১৮ মাসের মধ্যে ভবন দুটি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এসব অবকাঠামো নির্মাণের মাধ্যমে স্থানীয় সমাজসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে সমাজকল্যাণ খাতে অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।






