মশাহিদ আহমদ, মৌলভীবাজার : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত চাল বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিয়ন বিএনপি। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার মুন্সীবাজারস্থ কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক যৌথ প্রতিবাদ সভায় দলটির পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়। রহিমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইলিয়াস মিয়া। সভায় বক্তারা বলেন, গত ২১ মে রহিমপুর ইউনিয়ন পরিষদে অত্যন্ত সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রক্রিয়ায় ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চাল বিতরণ করা হয়। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে ফায়দা লুটতে এবং ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় কৃষকদল সভাপতি জসিম মিয়া এবং সাইদুর রহমান ইমনসহ তাদের সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালায়। বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিডিওতে যেসব তথ্য ও অভিযোগ আনা হয়েছে, বাস্তবতার সাথে তার কোনো মিল নেই। এটি সম্পূর্ণ কাল্পনিক এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক। এ ধরনের অপপ্রচার চালিয়ে রহিমপুর ইউনিয়নের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি এবং এর অঙ্গ-সংগঠন কখনো এমন মিথ্যাচার ও বিশৃঙ্খলা সমর্থন করে না। বক্তারা অবিলম্বে এই অপপ্রচার বন্ধের দাবি জানান এবং জনমনে বিভ্রান্তি না ছড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় আগামীতে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। সভায় বক্তব্য রাখেন, মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী লিটন, ইউনিয়ন বিএনপির সমন্বয়ক নজরুল ইসলাম, আতাউর রহমান, আজিজুর রহমান কয়েস, রহিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অলিউর রহমান চৌধুরী জয়নু, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাহিদুর রহমান তালুকদার, সদস্য সচিব আব্দুল মুহিন, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, কয়েস আহমেদ, জেলা বাউলদল নেতা মোস্তফা আহমেদ, লুতফুর রহমান, ওয়ার্ড বিএনপির সমন্বয়ক তসকির আহমদ প্রমুখ। প্রতিবাদ সভায় রহিমপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাল বিতরণ নিয়ে মিথ্যা অপপ্রচারে রহিমপুর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সভা
Catagory : সারা দেশ | তারিখ : মে, ২৩, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ • ১ বার পঠিত






