আজ-  ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত «» আদমদীঘিতে বিশেষ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার «» পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ ডিবি পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেফতার «» বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান «» জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান «» বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! «» শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’ উদ্বোধন «» মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬ «» টেকসই কালচারাল ট্যুরিজম বিকাশে শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’  «» যুক্তরাজ্য নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননায় ভূষিত

পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ ডিবি পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেফতার

(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে প্রতারণাকারী একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় একদল প্রতারক বয়স্ক নারীদের টার্গেট করে বিশেষ ধরনের কেমিক্যাল ব্যবহার করে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় নওগাঁ সদর থানায় তিনটি মামলা দায়ের হয়। মামলাগুলোর তদন্তে ডিবি পুলিশ একাধিকবার নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গোয়েন্দা পুলিশ জানতে পারে, চক্রটির সদস্যরা ২০ জুন টাঙ্গাইলে একই ধরনের অপরাধ সংঘটনের পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম টাঙ্গাইলে অভিযান পরিচালনা করে। অভিযানে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে চক্রের তিন সদস্য—মো. আবু হাসান, মো. বাবু ও মো. সবুজকে গ্রেফতার করা হয়। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকায়। গ্রেফতারের পর নওগাঁ জেলার কয়েকজন ভুক্তভোগী তাদের শনাক্ত করেছেন বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তাদের চক্রের মূল কার্যক্রম নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকাকে কেন্দ্র করে পরিচালিত হয়। চক্রটির ৮ থেকে ১০টি সক্রিয় গ্রুপ রয়েছে, যারা দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে একই কৌশলে প্রতারণা করে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ, নওগাঁ, খুলনা, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় অন্তত ১০টি অপরাধ সংঘটনের তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “চক্রটি সাধারণত বয়স্ক নারীদের টার্গেট করে। প্রথমে একজন সাহায্যের আবেদন করে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পরে আরও কয়েকজন এসে কথোপকথনের মাধ্যমে তাকে বিভ্রান্ত করে এবং বিশেষ কেমিক্যাল ব্যবহার করে। এরপর ভুক্তভোগী সম্মোহিতের মতো আচরণ করে নিজের স্বর্ণালংকার ও অর্থ প্রতারকদের হাতে তুলে দেন। তিনি আরও বলেন, “নওগাঁ জেলা পুলিশ এ ধরনের প্রতারণা ও সংঘবদ্ধ অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণকে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।”