মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের সাইফুর রহমান স্টেডিয়ামে আজ ২২ জুন (সোমবার) ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৫ এবং জেলা ক্রীড়া অফিস, মৌলভীবাজার কর্তৃক আয়োজিত ২০২৫-২০২৬ কার্যক্রমের আওতায় অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি তাঁর বক্তব্যে খেলাধুলার গুরুত্ব, তরুণ প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্তকরণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট পাঁচটি খেলার বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক, খেলোয়াড় ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া অফিস, মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ছবি সংযুক্ত।
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের অবকাঠামো জরুরি সংস্কারের নির্দেশ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত সমস্যা চিহ্নিতকরণের লক্ষ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তাঁর উদ্যোগে আজ ২২ জুন এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।
পরিদর্শনকালে তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক), ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার; সিভিল সার্জন, মৌলভীবাজার; গণপূর্ত বিভাগ, মৌলভীবাজারের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনে হাসপাতালের কিছু অংশে অবকাঠামোগত সমস্যা পরিলক্ষিত হয়। এর মধ্যে বিভিন্ন ওয়ার্ড ও ফ্লোরের দেয়ালের প্লাস্টার খসে পড়া, কয়েকটি স্থানে দরজা, জানালা ও গ্রিলের অকার্যকারিতা এবং শিশু ওয়ার্ডের ছাদ ও জরুরি অপারেশন থিয়েটারসহ কিছু স্থানে পানি চুইয়ে পড়ার ঘটনা উল্লেখযোগ্য। এসব সমস্যার কারণে রোগীসেবা কার্যক্রমে বিঘ্ন ঘটছে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বিষয়টি গুরুত্ব সহকারে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জরুরি মেরামত, সংস্কার ও রংকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তাঁর এ উদ্যোগকে স্থানীয়ভাবে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।






