সজীব হাসান, স্টাফ রিপোর্টার:
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ার আদমদীঘিতে দিনব্যাপী একটি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে খাড়ির ব্রিজ সংলগ্ন বেডো অফিসে আয়োজিত এই ক্যাম্পে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ১৫৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। আজ শুক্রবার সকালে বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি শাখার সহ সভাপতি আহসান হাবীব তুহিন এই ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর থেকেই বিভিন্ন বয়সী মানুষ অর্থোপেডিক্স, চর্ম ও যৌন চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় করেন। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন অর্থোপেডিক্স ডাক্তার জাবেদ আল মাসুদ এবং চর্ম ও যৌন বিষয়ক ডাক্তার এস এম তাহা৷ বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি শাখার উপদেষ্টা ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। স্থানীয় বাসিন্দা লিমা, জেসমিন ও লাভলী বেগম এমন আয়োজনের প্রশংসা করে বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু রাখার আহ্বান জানান। উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন স্থানে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক সহায়তাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।






