আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধর ও অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের হস্তক্ষেপে প্রধান শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। অভিযোগ রয়েছে, শ্রেণিকক্ষগুলো জরাজীর্ণ, ছাউনির টিন ফুটো থাকায় বৃষ্টির সময় কক্ষে পানি পড়ে। এছাড়া দরজা-জানালার অভাবে সন্ধ্যার পর শ্রেণিকক্ষে মাদকসেবীদের আড্ডা বসে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ার পাশাপাশি প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন বলেও অভিযোগ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি, এসব বিষয়ে প্রতিবাদ করায় সোমবার ষষ্ঠ শ্রেণির কৃষ্ণ কুমার ও সপ্তম শ্রেণির সাজেদুল ইসলামকে মারধর করেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান। একই ধারাবাহিকতায় মঙ্গলবার সপ্তম শ্রেণির রিফাত হোসেন ও আব্দুল্লাহকেও মারধর করা হয়। এতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী অভিযোগ করেন, প্রধান শিক্ষক প্রায়ই তাদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলতেন এবং কারণ ছাড়াই শারীরিক শাস্তি দিতেন। এসব অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তাঁকে বিদ্যালয়ে অবরুদ্ধ করা হয় এবং তাঁর মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস রহমান বলেন, প্রধান শিক্ষক মাঝেমধ্যেই শিক্ষার্থীদের মারধর করতেন। তাঁর আচরণে অতিষ্ঠ হয়ে কয়েকজন শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে চলে গেছে। শিক্ষকদের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, বিভিন্ন পদে শিক্ষক-কর্মচারী নিয়োগের মাধ্যমে প্রধান শিক্ষক বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তবে এ অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। অবরুদ্ধ থাকায় প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, শিক্ষার্থীদের অভিযোগ ও স্থানীয়দের দাবিগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত তথ্য নিশ্চিত হবে।