সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
হবিগঞ্জ-সিলেট সড়কপথে চলাচলকারী বিরতিহীন বাস সার্ভিসের শ্রীমঙ্গল শহরে যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ দাবিতে গণমাধ্যমের সামনে বক্তব্য দেন সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী। এ সময় তাঁর সাথে উপস্তিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নেহার রঞ্জন নাথ।
তিনি বলেন, পরিবহন মালিকদের ব্যবসায়িক বিরোধের দায় সাধারণ যাত্রীদের বহন করা উচিত নয়। বর্তমানে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে সরাসরি বিরতিহীন বাস না থাকায় যাত্রীদের একাধিকবার বাস পরিবর্তন করতে হচ্ছে। এতে সময় ও অর্থের পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।
তিনি দ্রুত শ্রীমঙ্গলে পূর্বের মতো হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহাল, ব্যবসায়িক বিরোধের কারণে যাত্রীসেবা বন্ধ না করা এবং শ্রীমঙ্গল-হবিগঞ্জ রুটে নিরাপদ ও যাত্রীবান্ধব সরাসরি বাস সার্ভিস নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসন, বিআরটিএ এবং সংশ্লিষ্ট পরিবহন মালিক-শ্রমিক সংগঠনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। তিনি বলেন, “আমাদের দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; এটি সাধারণ যাত্রীদের ন্যায্য অধিকার ও জনস্বার্থের দাবি।”
ছবির ক্যাপশন:
হবিগঞ্জ-সিলেট চলাচলকারী বিরতিহীন বাস সার্ভিসের শ্রীমঙ্গল শহরে যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে ভুক্তভোগী যাত্রী ও সর্বস্তরের জনগণের পক্ষে বক্তব্য রাখছেন মো. তারেক ইকবাল চৌধুরী






