শ্রীমঙ্গল বই পড়া উৎসবের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত
সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই মাসের পথচলার পর শেষ পর্যায়ে পৌঁছেছে ‘শ্রীমঙ্গল বই পড়া উৎসব-২০২৬’। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে উৎসবের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহউপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২১ জুলাই শুরু হয় বই পড়া উৎসবের এবারের আয়োজন। শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করা এবং তাদের জ্ঞান ও সৃজনশীলতা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি উন্মুক্ত বিভাগে শিক্ষক, সাংবাদিক, গৃহিণী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ফোকাল পারসনদের প্রতি অনুরোধ জানিয়েছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
আয়োজকরা জানান, উৎসবের বিজয়ীদের মধ্যে ১০ জনকে ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান পুরস্কার দেওয়া হবে। এসব পুরস্কার স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে প্রদান করা হবে।
আয়োজকদের আশা, বই পড়ার এই আয়োজনের মাধ্যমে শ্রীমঙ্গলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ আরও বাড়বে।
ছবির ক্যাপশন: শ্রীমঙ্গল বই পড়া উৎসবেরপরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান






