সৈয়দ ছায়েদ আহমদ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে অবৈধভাবে মাছ শিকার ও নেটের বাঁধ নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন।
অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে জলমহালে স্থাপিত অবৈধ নেটের বাঁধও উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান এর নেতৃত্বে হাইল হাওরের চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল, হাওরী খালসহ বিভিন্ন জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শ্রীমঙ্গল সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জয় বণিক, পিআইও প্লাবন পাল ও আইন-শৃঙ্খলা রক্ষায়-
শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিমের সদস্যরখ উপস্থিত ছিলেন।
অভিযানকালে জলমহালগুলো থেকে অবৈধভাবে ব্যবহৃত ১০০টি রিং জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
এ ছাড়া ২০টি মশারি জাল জব্দ করা হয়, যার মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা অবৈধ জালের আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
পরে জব্দকৃত জালগুলো বিধি অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পাশাপাশি জলমহালে অবৈধভাবে স্থাপন করা নেটের বাঁধ উচ্ছেদ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইল হাওরের জলজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শ্রীমঙ্গলের হাইল হাওরে অবৈধ জাল ও নেটের বাঁধ উচ্ছেদ, ধ্বংস ৫.৫ লাখ টাকার জাল
Catagory : সারা দেশ | তারিখ : অক্টোবর, ১, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ • ৩ বার পঠিত






