মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের পক্ষ থেকে মৌলভীবাজার পৌরসভার সকল পূজামণ্ডপে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় শহরের এম. সাইফুর রহমান রোডস্থ শ্রী শ্রী দুর্গাবাড়ি পূজামণ্ডপ থেকে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে শ্রী শ্রী নতুন কালীবাড়ি, হরিজন যুব সংঘ, আবাহন পূজামণ্ডপ, ত্রিনয়নীসহ পৌরসভার সব পূজামণ্ডপে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
প্রতিটি পূজামণ্ডপে উপহার হিসেবে দুই বস্তা চাল, দুই বস্তা ডাল ও ২০ কেজি সয়াবিন তেল বিতরণ করা হয়। এ সময় জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবকদল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী পেয়ে বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, প্রতি বছরের মতো এবারও জাকির হোসেন উজ্জ্বলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করায় তাঁরা আনন্দিত। শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে তিনি যেন সব সময় তাঁদের পাশে থাকেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
এ সময় পূজামণ্ডপের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁরা।
সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে পূজামণ্ডপের নেতৃবৃন্দরা বলেন, এ ধরনের সহযোগিতা দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে তোলে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখে।






