মৌলভীবাজার প্রতিনিধি ১২ মার্চ ॥
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের সদস্য মোঃ আমজাদ হোসেন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের পুলিশ গ্রেফতার করতে না পারায় ফুঁসে উঠছেন ব্যবসায়ীরা। শ্রীমঙ্গলের শান্তিপ্রিয় ব্যবসায়ীদের কঠোর আন্দোলন নিয়ে রাস্তায় নামতে বাধ্য না করতে পুলিশ প্রশাসনের প্রতি আহবাণ জানিয়েছেন। কারণ এই হামলার সাথে কারা জড়িত,কে সেই বড় ভাই, পুলিশ জানে এবং তারাও জানেন। তাই পুলিশের কাজ পুলিশই করুক, তারা যেন হামলাকারীর নাম প্রকাশ করতে বাধ্য না হন। গতকাল সোমবার দুপুরে স্থানীয় চৌমুহনায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্ততারা এ দাবী জানান। সমিতির সভাপতি এ, এস, এম ইয়াহিয়া এর সভাপতিত্বে সহসভাপতি দেবাশীষ ধর পার্থ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ইসমাইল মাহমুদ, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, যুগ্ন সম্পাদক মো. আকতার হোসেন, কোষাধ্যক্ষ মো. আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল ও সদস্য অজয় কুমার সিং প্রমুখ।






