বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা
জীবনযাত্রার ব্যয় কমানোর, আবাসন সংকট সমাধান, শিক্ষা ও জনসেবা খাতে বরাদ্দ বৃদ্ধি, যুদ্ধ প্রস্তুতির বিরুদ্ধে ইউরোপসহ বিশ্বব্যাপী শ্রমিক, ছাত্র ও জনগণের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে সংহতি সভা অনুষ্টিত হয়। ২২ নভেম্বর রবিবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি সুহেল মিয়ার সভাপতিত্বে এই সংহতি সভা অনুষ্ঠিত হয়। সংহতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি নিরজ্ঞন দাশ, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সদস্য ও রিকশা শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন এবং রিকশা শ্রমিকনেতা রাফিক মিয়া প্রমূখ। সভায় নেতৃবৃন্দ বলেন পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী দুনিয়ায় জীবনযাত্রার ব্যয় কমানোর, আবাসন সংকট সমাধান, শিক্ষা ও জনসেবা খাতে বরাদ্দ বৃদ্ধি, মজুরি ও চাকরির নিশ্চয়তা এবং যুদ্ধ প্রস্তুতির বিরুদ্ধে শ্রমিকশ্রেণির আন্দোলন-সংগ্রাম, ধর্মঘট-সাধারণ ধর্মঘট পালন করে চলেছে। ছাত্র আন্দোলন, পেশাজীবী আন্দোলন, ছাত্র-জনতার আন্দোলনের ক্ষোভে ফুসছে বিশ্ব শ্রমিক শ্রেণি, নিপীড়িত জাতি ও জনগণ। ইউরোপের ফ্রান্স, জার্মানি, স্পেন, বেলজিয়াম, ইতালি, পর্তুগাল, গ্রীস, আলবেনিয়া তথা সমগ্র ইউরোপ; উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা; ল্যাটিন আমেরিকার আর্জেটিনা, চিলি, মেক্সিকো, আফ্রিকার তিউনিশিয়া, এশিয়ার ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকশ্রেণি ও জনগণ মজুরি, পেনশন, চাকুরির নিশ্চয়তা, আবাসন সমস্যা সমাধান, জ্বালানি সংকটের সমাধান, শিক্ষা ব্যয় কমানো, জীবনযাত্রায় ব্যয় কমানো ইত্যাদি দাবিতে আন্দোলন সর্বাত্মক ও কোন কোন ক্ষেত্রে সহিংস রূপ পায়। দুনিয়াব্যাপী শ্রমিক শ্রেণির শোষণ মুক্তির লক্ষ্যে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার উচ্ছেদের লক্ষ্যে শ্রেণি সচেতন বিপ্লবী বিকল্প ধারার ট্রেড ইউনিয়ন সংগঠন সংগ্রাম গড়ে তুলতে হবে। আজ তাই বাংলাদেশের শ্রমিক-কৃষক-জনগণকে জীবিকার সংগ্রামের সাথে সাথে জীবন রক্ষায় আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং প্রচলিত শোষণমূলক সমাজ ব্যবস্থার বিপরীতে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা মুৎসুদ্দি পুঁজি বিরোধী শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হবে।
বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা
Catagory : সারা দেশ | তারিখ : নভেম্বর, ২৩, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ • ১ বার পঠিত






