ছাত্র জমিয়ত বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ থানা বাজারস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ হোসাইনের সভাপতিত্বে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী। তিনি বলেন, দেশ, জাতি, দ্বীন ও মিল্লাতের স্বার্থে জমিয়তের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। আদর্শিক নেতৃত্ব ও সংগঠিত কর্মীরাই সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েল বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকার যেমন দায় এড়াতে পারে না, তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐক্য ও সমন্বয়ের বিকল্প নেই। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ও আদর্শের ভিন্নতা থাকতেই পারে। তবে ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থে পারস্পরিক মতপার্থক্য দূরে রেখে সম্মিলিতভাবে কাজ করা সময়ের দাবি।
সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হোসাইন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে খলিল উল্লাহকে সভাপতি ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েল।






