কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে সামাজিক বনায়নের গাছ কাটতে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলায় উপকারভোগী সদস্য ও আওয়ামীলীগ নেতা আহত হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার বিকাল ৫টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম ভেড়াছড়া জামে মসজিদ সংলগ্ন বনগাঁও-ভেড়াছড়া রাস্তায় এ ঘটনাটি ঘটেছে। আহত আওয়ামীলীগ নেতাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার কালাছড়া বন বিটের অধীনে ভেড়াছড়া বাফার জোনের গাাছ কাটার সংবাদ পেয়ে বুধবার ৫টায় স্থানীয় জামে মসজিদ সংলগ্ন বনগাঁও-ভেড়াছড়া রাস্তায় গিয়ে বাঁধা প্রদান করেন উপকারভোগী সদস্য ও কমলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী (৬৫)। এতে ক্ষিপ্ত হয়ে একটি হত্যা মামলার আসামী ভেড়াছড়া গ্রামের বাসিন্দা আখলিছ মিয়া (২৫) ও নজরুল ইসলাম (৩৫), মামুন মিয়া (১৮), ফয়ছল মিয়া (১৯), মাসুক মিয়া (৩৬)সহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে মোহাম্মদ আলীর উপর হামলা চালায়। হামলায় মোহাম্মদ আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটে পড়েন। মোহাম্মদ আলীর আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মোহাম্মদ আলীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহত মোহাম্মদ আলী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরো ৫/৭ জন লোককে অজ্ঞাত আসামী করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক মো: ফরিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কমলগঞ্জ থানার উপ পরিদর্শক মো: ফরিদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে ভেড়াছড়া গ্রামের বাসিন্দা আখলিছ মিয়া গংদের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
কমলগঞ্জে সামাজিক বনায়নের গাছ কাটতে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতা আহত\ থানায় লিখিত অভিযোগ দায়ের
Catagory : মৌলভীবাজার | তারিখ : মার্চ, ২৮, ২০১৮, ৭:৩৬ অপরাহ্ণ • ১ বার পঠিত






