আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধিঃ
উৎসব মুখর পরিবেশে প্রথম বারের মতো আশুলিয়া থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) বিকেল ৩টায় আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেটকোর (বিএনসিসি) একাডেমি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে আনন্দ-উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষ্যে আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং পুরো আশুলিয়া এলাকা ব্যানার-ফেস্টুনে ছেয়ে ফেলা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, কিছু খাদ্যশস্যের দাম বেড়েছে আমরা অস্বীকার করছি না। তবে সয়াবিন তেল-পাম অয়েল বিদেশ থেকে আমদানি করে প্রাইভেট সেক্টর, আমি বললেই তো দাম কমাবে না। আন্তর্জাতিক বাজারে এক টন সয়াবিন তেলের দাম ছিল ৬০০ ডলার এখন তা বেড়ে হয়েছে ১৮০০ ডলার। জাহাজের একটি কনটেইনার ভাড়া ছিল ৫০০-৬০০ ডলার। এখন ১৮০০ থেকে ২ হাজার। ৯০ ভাগ ভোজ্য তেল, সয়াবিন তেল ও পাম অয়েল বিদেশ থেকে আনতে হয়। এটি আনে প্রাইভেট সেক্টর। আমরা বললেই তো দাম কমাবে না। এ ছাড়া রোজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে কেউ।
মন্ত্রী বলেন, সামনে রোজা আসছে, এই রোজাকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কমিউনিস্ট পার্টি কিছু বামপন্থী নেতারা আজ হরতাল করছে। বিএনপিসহ আরো কিছু ভূঁইফোঁড় রাজনৈতিক দল তাতে সমর্থন দিয়েছে। কেমন হরতাল হয়েছে ভাই? এর চেয়ে হেফাজতও তো ভাল, হেফাজত তো তাও মতিঝিলে বিরাট সমাবেশ করতে পারে। মানুষ এখন হরতাল চায় না। নির্বিঘ্নে কাজ করছে মানুষ। কিন্তু আমি আপনাদের বলতে চাই সারা বাংলাদেশে আমাদের নেত্রী কি বসে আছেন? আমরা কি ব্যবস্থা নিচ্ছি না? আমরা ওএমএসে চাল দিচ্ছি। আমরা বিজিএফ দিচ্ছি, ১০ টাকা কেজি ৫০ লাখ পরিবার পাঁচজন করে হলেও আড়াই কোটি মানুষকে আমরা ১০ টাকা কেজিতে চাল দিচ্ছি।
আশুলিয়া থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এমপি। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি ও আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
মির্জা আজম এমপি বলেন, দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিতদের স্থান দিতে হবে। বসন্তের কোকিলদের দিয়ে কমিটি করা যাবে না। কারণ বসন্তের কোকিলরা সুসময়ে আসে। আবার চলেও যায়। আর ত্যাগী ও পরীক্ষিত কর্মীরা সব সময় থাকে। তিনি বলেন, কমিটিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীর স্থান হবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আজম বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। খুনি জিয়া পরিবার এখনো চক্রান্ত করে যাচ্ছে। এদের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। আর যেন খুনিরা ক্ষমতায় আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
আশুলিয়া থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেনজির আহমেদ তিন সদস্য বিশিষ্ট আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। এতে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক যুব ও ছাত্রনেতা ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ও ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান।
সম্মেলনে এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, এবি এম রিয়াজুল কবির কাওসারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।








