ষ্টাফ রিপোর্টার॥ গত ৩০ মার্চ বিকেলে মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের পাশে অবস্থিত সমবায় বিল্ডিং নামে পরিচিত ভবনে ক্যাম্পাস হিসেবে ব্যবহারের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসকের অনুমতিক্রমে মৌলভীবাজার কারাতে দো একাডেমীর ইনডোর ক্যাম্পাস চালু করা হয়েছে।
এ উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আয়ুব আলী খান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক দুরুদ আহমদ, একাডেমীর সাবেক ছাত্রী, সহযোগী প্রশিক্ষক এডভোকেট উমায়রা ইসলাম, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ট্রেইনার সেন্সি উত্তম পালসহ একাডেমীর ছাত্র ছাত্রীরা।
মৌলভীবাজার কারাতে দো একাডেমী প্রতিষ্ঠিত হয় ২০২০ সালের ৭জানুয়ারী। একাডেমীর ছাত্রছাত্রী সংখ্যা ৭০জনের অধিক । নিয়মিত ক্লাসে প্রায় ৪০/৫০ জন ছাত্রছাত্রী উপস্থিত থাকে। প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বিকেল ৩ টা থেকে ৬টা পর্যন্ত ক্লাস চলে।
মৌলভীবাজার কারাতে দো একাডেমী এ পর্যন্ত দুটি জাতীয় প্রোগ্রামে প্রদর্শনী ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে। আত্নরক্ষা, শারীরিক সুস্থতা ও সুস্বাস্থ্য লাভের জন্য একাডেমীতে স্কুল কলেজের ছাত্রছাত্রী যেমন আসেন তেমনি আসেন প্রফেশনাল সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
প্রতিষ্ঠানটির কার্যনির্বাহী কমিটির দায়িত্বে আছেন একাডেমীর সাবেক ছাত্রী, সহযোগী প্রশিক্ষক এডভোকেট উমায়রা ইসলাম। তিনি বলেন নারীদের আত্নরক্ষার জন্য আমাদের অনুপ্রেরণা পেয়ে ছাত্রীর সংখ্যা ছাত্র থেকেও বেশী। ইনডোর ক্যাম্পাস করায় মহিলারা আমাদের এখানে কারাতে, ইয়োগা ও ব্যায়াম করতে আসতে পারবেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ট্রেইনার সেন্সি উত্তম পাল জাতীয় পর্যায়ের কারাতে খেলোয়াড় এবং ব্লাক বেল্ট সেকেন্ড ড্যান।







