আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধিঃ
সাভারে হত্যার হুমকি দিয়ে দশ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল কাদির সৈকত। এর আগে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত শিক্ষক আল আমিন হাসান সাইম ময়মনসিংহ জেলার ধুবাউড়া থানার সাতানিপাড়া এলাকার অধিবাসী।
পুলিশ জানায়, গত শুক্রবার (০১ এপ্রিল) সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় নূরানী তালীমুল কুরআন বালক মাদ্রাসায় দশ বছরের ওই শিশু শিক্ষার্থীকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন ওই মাদ্রাসার শিক্ষক আল আমিন হাসান সাইম (২৭)। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ওই দিনেই ওই শিক্ষককে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরে গ্রেফতার এড়াতে ওই শিক্ষক পালিয়ে যায়। পরে রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল কাদির সৈকত বলেন, অভিযুক্ত শিক্ষককে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।








