সাভার প্রতিনিধিঃ
আশুলিয়ায় রাতের আধারে জোরপূর্বক গ্রাহকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। রোববার (১৭ এপ্রিল) বিকেলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ তুলে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীর ম্যানেজার। ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ কয়েকমাস আগে আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এরই মধ্যে বৈধ নেট ব্যবসায়ীর সংযোগ বিচ্ছিন্ন করে জোরপূর্বক তার সংযোগ নিতে গ্রাহকদের বাধ্য করাসহ গ্রাহকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে নেট গ্রাহকরা চরম আতঙ্কে আছেন।
জানা যায়, গত শনিবার রাতের আধারে আশুলিয়ার খন্দকার মসজিদ এলাকায় ১২ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ছাত্রলীগ নেতা আরিফের লোকজন। এ সময় সুমন মীরের ইন্টারনেটের তার ও কিছু সরঞ্জাম নিয়ে যায় তারা।
ফিড নিয়ে মো. ইব্রাহীম নামের এক ভুক্তভোগী গ্রাহক বলেন, আমি আগে আমাদের অফিসে ছাত্রলীগ নেতা আরিফের ইন্টারনেট ব্যবহার করতাম। সার্ভিস ভালো না পেয়ে আমি তাকে লাইন ঠিক করতে বলে আসছি। কিন্তু আমি কোন প্রতিকার পাইনি। পরে আমি সুমন মীরের মালিকানাধীন সংযোগ গ্রহণ করায় শনিবার এসে আমাদের লাইন কেটে দিয়ে গেছে আরিফের লোকজন। শনিবার আমাদের অফিস বন্ধ থাকে। লাইন কাটার আগে আমাদের সাথে কোন কথাবার্তা বলেনি কেউ। অফিসে ইন্টারনেট সার্ভিসের ব্যাঘাত ঘটায় আমাদের স্বাভাবিক কার্যক্রমে চরম বিঘ্ন ঘটে।
জান্নাত মীর ইন্টারনেট সার্ভিসের স্বত্বাধিকারী সুমন হোসেন মীর বলেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে আমার সকল লাইসেন্স ও অনুমোদন রয়েছে। আমি সকল আইন মেনে ব্যবসা পরিচালনা করছি ও নিয়মিত ট্যাক্স প্রদান করে আসছি। কিন্তু আরিফ অবৈধ ব্যবসায়ী। ও অবৈধভাবে অন্যের ফিড নিয়ে ইন্টারনেটের ব্যবসা করে। গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে সংযোগ প্রদান করার চেষ্টা করে। আমাদের ১২জন গ্রাহকের সংযোগ জোরপূর্বক বিচ্ছিন্ন করে দিয়েছে আরিফসহ তার লোকজন। এসময় ফাইবারসহ বেশ কিছু ইন্টারনেটের যন্ত্রাংশও নিয়ে গেছে তারা। এতে আমাদের প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।
অভিযুক্ত আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, আমার লাইনের মাঝেই সুমন মীর নতুন সংযোগ দিয়েছিল। এ এলাকা আমার এখানে আগে আমার লাইন ছিল, সে আমার লাইনে কেন লাইন দিল?
এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে








