আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

খসড়া উপাত্ত সুরক্ষা আইনের মাধ্যমে সুরক্ষার নামে ব্যক্তিগত তথ্যের ওপর সরকারি এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের ঝুঁকি সৃষ্টি হবে: টিআইবি 

সংবাদ বিজ্ঞপ্তি 

খসড়া উপাত্ত সুরক্ষা আইনের মাধ্যমে সুরক্ষার নামে ব্যক্তিগত তথ্যের ওপর সরকারি এবং প্রশাসনিক নিয়ন্ত্রণের ঝুঁকি সৃষ্টি হবে: টিআইবি 

ঢাকা, ০৯ মে ২০২২: উপাত্ত সুরক্ষা আইন, ২০২২ (খসড়া) আইনের বিধানসমূহের অস্পষ্টতা, যথাযথ সংজ্ঞায়নের অভাবসহ ‘ডিজিটাল নিরাপত্তা এজেন্সির’ নিরঙ্কুশ ক্ষমতার কারণে আইনটি ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর মতো নিবর্তনমূলক হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। খসড়ায় উপস্থিত নানা অস্পষ্টতা ও অসংগতির কারণে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার নামে এই তথ্যের ওপর প্রশাসনিক এবং সরকারি নিয়ন্ত্রণের ঝুঁকি তৈরি করবে। পাশাপাশি বিরুদ্ধমত নিয়ন্ত্রণ ও স্বাধীন মত প্রকাশ বাধাগ্রস্ত হবে- যা গণতান্ত্রিক রাষ্ট্রের চেতনা ও সাংবিধানিক অঙ্গীকারের সম্পূর্ণ বিপরীত বলে মন্তব্য করেছে সংস্থাটি। পৃথিবীর অন্যান্য দেশের মতো ‘নাগরিকদের’ স্বার্থ প্রাধান্য দিয়ে ডিজিটাল স্পেসে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি মাথায় নিয়ে এই আইনটি প্রণয়নের পরামর্শ দিয়েছে সংস্থাটি। আজ ‘উপাত্ত সুরক্ষা আইন, ২০২২ (খসড়া) : পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে খসড়া আইনটি বিশ্লেষণ সাপেক্ষে এর উল্লেখযোগ্য সীমাবদ্ধতা এবং আইনটি প্রণীত হলে তা বাস্তবায়নের চ্যালেঞ্জসহ বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং খসড়া আইনটি পর্যালোচনায় টিআইবিকে সহায়তা প্রদানকারী ড. মুহাম্মদ এরশাদুল করিম। ‘উপাত্ত সুরক্ষা আইন, ২০২২ (খসড়া)- এর ওপর টিআইবির পর্যালোচনা ও সুপারিশসমূহ উপস্থাপন করেন সংস্থাটির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মন্জুর-ই-আলম।  

সংবাদ সম্মেলনে বলা হয়, আইনটিতে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক হিসেবে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। আইনে ‘উপাত্ত সুরক্ষা কার্যালয়’ স্থাপন ও প্রধান হিসেবে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালককে সীমাহীন ও নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে। যার অনেকগুলো আবার বাংলাদেশের সংবিধানে বর্ণিত বিভিন্ন মানবাধিকার এবং বিশেষ করে গোপনীয়তার অধিকারের সাথে সাংঘর্ষিক। মহাপরিচালকের এই সীমাহীন ক্ষমতার ব্যবহার বা অপব্যবহারের বিরুদ্ধে আদালতে যাওয়ার বা কোনো আইনগত প্রতিকার পাওয়ার বিধান আলোচ্য খসড়াতে অন্তর্ভুক্ত না করায় উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। অন্যদিকে, খসড়া আইনের ধারা ৬৬-তে সরল বিশ্বাসে কৃত কার্যক্রমের জন্য কেউ ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্টদের দায়মুক্তির বিধান রাখা হয়েছে। যদিও একজন সংক্ষুব্ধ ব্যক্তিকে সরকারের নিকট আপীল করার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এর ফলে উক্ত ব্যক্তির গোপনীয়তা বা ব্যক্তিগত নিরাপত্তাকে অধিকতর ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছে টিআইবি।   

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন করা হয় মানুষের ব্যক্তিগত তথ্য সম্মতি ব্যতিরেকে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার সীমিত করার উদ্দেশ্যে। তাই এ বিষয়টি স্পষ্ট যে, আলোচ্য ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এর উদ্দেশ্যের সাথে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মূল কাজের সাথে সরাসরি কোনো ধরনের সম্পর্ক বা যোগসূত্র নেই। অন্যদিকে, আইনটিতে ‘ব্যক্তিগত তথ্য’- শব্দের কোনো সংজ্ঞা বা উদাহরণ উল্লেখ করা হয়নি, যা বিশ্বের মোটামুটি সব দেশের আইনের মধ্যেই খুবই সাধারণভাবে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও ডাটা, প্রোফাইলিং, ফাইলিং সিস্টেম ইত্যাদি গুরুত্বপূর্ণ শব্দসমূহের সংজ্ঞায়নে অস্পষ্টতা রয়েছে। ব্যক্তিগত তথ্য শব্দগুলোর সংজ্ঞা অন্তর্ভুক্তি ছাড়া খসড়াটি আইন হিসেবে পাস হলে, তা মারাত্মকভাবে অপব্যবহার হওয়ার সুযোগ থেকে যাবে।  

আইনের খসড়া মূল্যায়নে টিআইবির বক্তব্য, ব্যক্তিগত তথ্য 

সুরক্ষা সম্পর্কিত যে কোনো আইনে ব্যক্তিগত তথ্য সম্পর্কিত ব্যক্তির সম্মতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বের অধিকাংশ দেশে এই বিধানটি বিশেষ গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত করা হয়। আলোচ্য আইনের খসড়ায় এই বিষয়টি ভাসাভাসা এবং এলোমেলোভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে কারণেই এই বিধানটি অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সম্পর্কিত ব্যক্তির  মারাত্মক ক্ষতির আশঙ্কা থেকে যায়। অন্যদিকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা সম্পর্কিত অধিকারগুলো সম্পর্কে জানার উপায় সম্পর্কিত কোনো বিধান এই আইনের খসড়াতে দৃশ্যমান হয়নি। এছাড়া আইনে দেশীয় সীমানার বাহিরে ব্যক্তিগত তথ্য স্থানান্তরবিষয়ক বিধানের ঘাটতিসহ এই আইনে সরাসরি বিপণন, সাক্ষী সুরক্ষা, কুকিজ, স্প্যাম  ইত্যাদি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিধানসমূহে অনুপস্থিত দেখা যায়। এছাড়া আলোচ্য খসড়ায় বেশ কিছু বিধান সন্নিবেশিত করা হয়েছে, যা সরাসরি বাস্তবায়ন অযোগ্য। কোন কোনটি আবার বাস্তবায়ন করার মতো সক্ষমতা বাংলাদেশের এখনকার বাস্তবতায় অনুপস্থিত।      

সংবাদ সম্মেলনে বলা হয়, ধারা ৫৯- তে এই আইনের অধীন সংঘটিত কোনো অপরাধের তদন্ত ক্ষমতা পুলিশের পরিদর্শক মর্যাদার নিচে নয় এমন পুলিশ কর্মকর্তাকে দেওয়া হয়েছে। অথচ, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের মতো একটি বিশেষায়িত বিষয়ে একজন পুলিশ কর্মকর্তার এ ধরনের বিষয় তদন্ত করার মতো কারিগরি দক্ষতা এবং যোগ্যতা আছে কি-না তা বিবেচনায় নেওয়া হয়নি। তাছাড়া, সারাবিশে^র প্রচলিত তথ্য সুরক্ষাবিষয়ক আইনের বিধানসমূহ পর্যালোচনা করলে দেখা যাবে যে, আইনটির বিধানাবলী বাস্তবায়নের জন্য সবখানেই একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে; কেননা এই বিষয়টি অতিমাত্রায় একটি বিশেষায়িত বিষয়, যার জন্য বিশেষায়িত জ্ঞান সম্পন্ন মানবসম্পদ দরকার। আলোচ্য খসড়ায় ধরেই নেওয়া হয়েছে যে, ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রক এবং প্রক্রিয়াকারীরা ‘অতিমানব’, আর তা ভেবে এই আইনের বিধানসমূহ বাস্তবায়নের জন্য সকল প্রকার কারিগরি এবং আর্থিক দায় নেওয়ার ভার তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।  

খসড়ার ধারা ২-এ দেখা যায়, নিয়ন্ত্রকের সংজ্ঞায় ‘সরকারি কর্তৃপক্ষ’ অন্তর্ভুক্ত আছে। সুতরাং, বাংলাদেশের বিভিন্ন স্তরের সরকারি অফিসে সাধারণ মানুষের নানান ধরনের হয়রানি ও ভোগান্তির কথা বিবেচনায় নিলে অন্তত বর্তমান বাস্তবতায় এই বিধানগুলো পালন করা সম্ভব নয়। আবার, বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের এই বিধানটি বাস্তবায়ন করতে গেলে যে বাড়তি আর্থিক যোগান প্রয়োজন তার উৎস হিসেবেও ব্যবহৃত হবেন ভোক্তারাই। ফলে এই ধরনের আইন প্রণয়ণের উদ্দেশ্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি এই আইনের শিরোনামে Data এর আভিধানিক পরিভাষা ‘উপাত্ত’ ব্যবহারের ফলে আইনটি প্রণয়নের মূল উদ্দেশ্যই ব্যহত হয়। 

ব্যক্তিগত তথ্যের  আইনগত সুরক্ষা প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে  এই খসড়ায় বিদ্যমান উদ্বেগজনক দিকসমূহ উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “আইনের খসড়ায় যে সকল অস্পষ্টতা রয়েছে তাতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার নামে ব্যক্তিগত তথ্যের উপর সরকারি এবং মূলত প্রশাসনিক মালিকানা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি হয়েছে এবং সংবিধান স্বীকৃত বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সুরক্ষার অধিকার ব্যাপকভাবে খর্ব হবে। খসড়ায় এমন কিছু শব্দ এবং ধারণা উল্লেখ করা হয়েছে যার কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই বিধায় আইনের বিভিন্ন ধারার অপব্যবহারের ঝুঁকি রয়েছে। আইনের শিরোনামটিও বিভ্রান্তিকর, এবং এটি পরিবর্তন করে ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন’  হিসেবে অবিহিত করা উচিৎ।  তাছাড়া, আইনের প্রস্তাবনাও দুর্বল, বিশেষ করে সংবিধানের ৪৩ (খ) অনুচ্ছেদে যেভাবে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার নিশ্চিত করা হয়েছে, তা এই প্রস্তাবনায় উল্লেখিত থাকলে এই আইনে সংবিধানের অঙ্গীকার ও চেতনা প্রতিফলিত হতে পারত।”  

সুরক্ষা নিশ্চিতে নিয়ন্ত্রক হিসেবে ডিজিটাল সিকিউরিটি এজেন্সিকে যে সীমাহীন এবং নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে তা এজেন্সির এক্তিয়ার বহির্ভূত বলে উল্লেখ করে ড. জামান বলেন, “খসড়া আইনের অনেক উপধারার মাধ্যমে ডিজিটাল সিকিউরিটি এজেন্সিকে একটি অতিমানবীয় সংস্থার মতো ক্ষমতা দেওয়া হয়েছে, যা অপব্যবহারের সুযোগ রয়েছে। খসড়া অনুযায়ী,তথ্য সুরক্ষার জন্য এই এজেন্সি যেকোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং ক্ষমতা প্রয়োগ করতে পারবে, অথচ এই এজেন্সি কর্তৃক গৃহীত  কোনো সিদ্ধান্তের  প্রেক্ষিতে আইনগত প্রতিকারের সুযোগ থাকবেনা। ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে ইতোমধ্যে অর্জিত তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে ডিজিটাল সিকিউরিটি এজেন্সিকে এ ধরনের ক্ষমতা প্রদান করা হলে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের মূল উদ্দেশ্য ধূলিসাৎ হবে এবং এই আইনটিও একটি কালো আইনে পরিণত হবে। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের আইন যেভাবে বাস্তবায়িত হয়েছে, তার সাথে সামঞ্জস্য রেখেই বাংলাদেশে এই আইনের বাস্তবায়নের জন্য একটি স্বাধীন, নিরপেক্ষ ও বিশেষায়িত সংস্থার প্রয়োজন আছে বলে আমরা মনে করি, যা সরকার এবং প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করবে। তাছাড়া, এই খসড়া আইনটিকে ব্যপকভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে ঢেলে সাজানো প্রয়োজন, অন্যথায় বাংলাদেশ একটি নজরদারিভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দিকে ধাবিত হবে।” 

টিআইবি থেকে সুপারিশ করা হয় যে, ভবিষ্যতে এই আইনের বিধানগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সময়ে সেগুলোর ব্যাখ্যার ঝামেলা এড়াতে প্রস্তাবিত আইনের শিরোনাম ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন’ বিবেচনা করাই যৌক্তিক হবে। পাশাপাশি আইনটি বাস্তবায়নের জন্য উন্নতবিশে^র আদলে একটি স্বাধীন এবং বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা জরুরি। এছাড়া, আইনটি পাশের আগে কারিগরি ও আর্থিক সক্ষমতা আছে এবং একইসাথে যারা প্রচুর পরিমাণে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করে এমন বিশেষ কিছু খাতে আইনের বিধানসমূহ পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা যেতে পারে। সে অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে পরের ধাপে এবং পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো যেতে পারে।