মৌলভীবাজার রিকশা শ্রমিক ইউনিয়নের বর্ধিতসভা
দ্রব্যমূল্য কমানো, জ¦ালানিতেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদ অভিযান বন্ধের দাবি
মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের বর্ধিতসভা থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, জ্বালানিতেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, পরিবহণ ভাড়া কমানো, রিকশা-ভ্যান শ্রমিকসহ শ্রমজীবীদের জন্য রেশনিং চালু ও মৌলভীবাজার শহর থেকে রিকশা-ভ্যান উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবি জাননো হয়। ১০ আগষ্ট বুধবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভা থেকে এই দাবি জানানো হয়।
জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সোহেল মিয়ার সভাপতিত্ব অনুষ্টিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ। জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: দুলাল মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন রিকশা শ্রমিক ইউনিয়ন কোদালীপুল আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ জসিমউদ্দিন, কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, সৈয়ারপুর আঞ্চলিক কমিটির নেতা মোঃ জসিমউদিন, বড়হাট আঞ্চলিক কমিটির সভাপতি খলিলুর রহমান, চাঁদনীঘাট আঞ্চলিক কমিটির সভাপতি মো: ইউসূছ মিয়া, মোস্তফাপুর আঞ্চলিক কমিটির আহবায়ক শাহজাহান আলী, ওয়াপদাগেট আঞ্চলিক কমিটির আহবায়ক মোহাম্মদ আলী, ধরকাপন আঞ্চলিক কমিটির আহবায়ক মর্তুজা মিয়া, শমসেরনগর আঞ্চলিক কমিটির নেতা আব্দুল হাই, হোটেল শ্রমিকনেতা মো: জামাল মিয়া প্রমূখ।
সভায় সভায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন করোনা মহামারি ও সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত নিম্নআয়ের জনগণ বর্তমানের দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে দিশেহারা। চাল-ডাল, তেল-লবন-চিনি, মাছ-মাংস, ডিম-দুধ, শাক-সবজিসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কষাঘাতে জর্জরিত জনগণের জীবনে নাভিশ্বাস উঠছে। এমন কি কাঁচামরিচের দামও ২০০ টাকা ছাড়িয়েছে। এরকম অবস্থায় সরকার সকল ধরনের জ্বালানি তেলের রেকর্ড পরিমাণ মূল্য বৃদ্ধি, গাড়িভাড়া তথা পরিবহণ ব্যয় বৃদ্ধি ও ইউরিয়া সারের
মূল্য বৃদ্ধি করে নিন্মআয়ের মানুষকে আরও দুর্বিষহ অবস্থায় ফেলে দিয়েছে। সরকার জনগণের জীবন ও জীবিকাকে উপেক্ষা গ্যাস-বিদ্যুত-জ্বালানিসহ সকল ক্ষেত্রে ভর্তুকি প্রত্যাহার করে নিচ্ছে। জ্বালানিতেলের পর সরকার আবারও গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা চালাচ্ছে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটলেও শ্রমিক-কৃষক-জনগণের আয় বাড়েনি। উপরন্তু দরিদ্র জনগণ সহায় সম্বল বিক্রি করে, এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক কিনে যখন আত্নকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তখন সরকার কখনো যানজট, কখনো দূর্ঘটনার অজুহাত তুলে আর এখন বিদ্যুত অপচয়ের অজুহাতে এই বাহনগুলো উচ্ছেদের তৎপরতা চালাচ্ছে। শ্রমিকদের জীবন ও জীবিকার কথা বিবেচনা না করে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদের সিদ্ধান্ত চরম অমানবিক। ব্যাটারি চালিত রিকশা-ভ্যান-ইজিবাইকের ব্যবহারিক উপযোগিতার কথা তুলে ধরে বক্তারা বলেন বর্তমান আধুনিক সমাজে মানুষ হয়ে মানুষকে টেনে নেওয়ার অমানবিক পেশার পরিবর্তে ব্যাটারি/মোটরের সাহায্যে চালিত এই সকল পরিবহণে যেমন চালকের শারিরিক শক্তি কম লাগে তেমনি যাত্রী ও মালামাল পরিবহণে সময় ও ভাড়াও কম লাগে। তাছাড়া গত ৪ এপ্রিল/২০২২ উচ্চ আদালতের এক রায়ে মহাসড়কে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হলেও আঞ্চলিক সড়কে ও শহরের মধ্যে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান চলাচলে কোন নিষেধাজ্ঞা প্রদান করা হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্ঠাও গণমাধ্যমের(একাত্তর টিভি) সাথে আলাপকালে বলেন আগামী দিনের পরিবহণ হচ্ছে বিদ্যুতচালিত গাড়ি(ইভি), যা হবে জ্বালানিতেলের চেয়ে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। বিদ্যুত অপচয়ের অজুহাত তুলে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদ করা অযৌক্তিক। তাই হাজার হাজার শ্রমিকদের জীবন ও জীবিকা রক্ষার্থে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে।
সভা থেকে ব্যাটারি/মোটর চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক উচ্ছেদ বন্ধ, রিকশা শ্রমিকদের স্থায়ী স্ট্যান্ড, বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, নিত্যপণ্যের উদ্ধগতি রোধ, পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
মৌলভীবাজার রিকশা শ্রমিক ইউনিয়নের বর্ধিতসভা
Catagory : সারা দেশ | তারিখ : আগস্ট, ১১, ২০২২, ৩:০২ অপরাহ্ণ • ২ বার পঠিত






