সিলেট ব্যুরো
বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে ২০০৪ সালের আজকের এই দিনে রাজধানী ঢাকার বুকে আওয়ামী লীগের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে চালানো হয় নজিরবিহীন হত্যাযজ্ঞ। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করেছিল মানবতাকে। শেখ হাসিনাকে হত্যা করাই ছিল ওই গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের উদ্দেশ্য। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে নিজেই সন্ত্রাসের শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা সংগঠিত হয় । ওই গ্রেনেড হামলার বিচারের রায়ে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোট সরকারের মন্ত্রী ও তৎকালীন সরকারের কর্মকর্তাদের সম্পৃক্ততায় প্রমাণ মেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান কে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের রায় কার্যকর করতে হবে।
রোববার বিকেলে রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেট জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।
সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানের সঞ্চালনায় প্রতিবাদ সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক। এর পর ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী, নাজনীন হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, সিলেট জেলা মহিলা লীগের সভাপতি সালমা বাছিত, সিলেট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সিলেট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, সিলেট জেলা সিলেট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, আবদাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মোঃ আব্দুল বারী, মোঃ জাকির হোসেন, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশীদ, হাজী আবুল লেইছ চৌধুরী, ডাঃ নাজরা আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এডভোকেট খোকন কুমার দত্ত, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, সিলেট জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক এড. সালমা সুলতানা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, সিলেট জেলা সিলেট জেলা মৎস্যজীবী লীগের সভাপতি নবী হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।
‘আওয়ামীলীগ ক্ষমতায় টিকে থাকতে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে’
সিলেট ব্যুরো
সিলেটে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বলেই ক্ষমতায় টিকে থাকতে বিদেশীদের কাছে ধরনা দিচ্ছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই প্রমান করে সরকার জনগণ নয়, প্রতিবেশীদের দয়ায় ক্ষমতায় টিকে থাকতে চায়। কতিত বন্ধুদের পা চেটে ক্ষমতা দখল করে থাকা আওয়ামীলীগ এদেশের মানুষকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখন তেল সহ নিত্যপন্যের মূল্যবৃদ্ধি করে তারা জনগনকে ভাতে মারতে চায়। জনগন আর আওয়ামীলীগকে চায়না। দেশে নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচন হলে আওয়ামীলীগ ১০টি আসনও পাবে না।
রোববার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, চট্টগ্রামে একটি অনুষ্ঠানে নিশিরাতের সরকারের ভূমিমন্ত্রী বলেছেন- ‘পুরিশ কঠোর হলে আওয়ামীলীগ টিকে থাকা কঠিন হতো’। তার এই বক্তব্যই প্রমান করে শেখ হাসিনার অধিনে কোন সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। আওয়ামীলীগের অধিনে পাতানো নির্বাচনে এদেশের মানুষ আর অংশ নিবে না। অভিলম্বে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচন দিয়ে জনগনের সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করতে হবে। না হলে আওয়ামীলীগকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
তিন’শ টাকা মজুরীর দাবীতে অনড় চা শ্রমিকরা
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো
দৈনিক মজুরি ১৪৫ টাকা প্রত্যাখ্যান করে নূন্যতম ৩০০ টাকা করার দাবিতে আবারও আন্দোলনে নেমেছে সিলেট ও হবিগঞ্জের চা-শ্রমিকরা। আন্দোলনের এক পর্যায়ে তারা সিলেট বিমানবন্দর সড়ক ও হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেন।
সিলেট-বিমানবন্দর সড়ক অবরোধ : রোববার সকাল ১১টা থেকে ফের আন্দোলন শুরু করা সিলেট ভ্যালির চা-শ্রমিকরা দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকেন। এসময় সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
পরে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর আশ্বাসে ২৪ ঘণ্টার জন্য সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করে লাক্কাতুরা চা বাগানের দুর্গা মণ্ডপের সামনে গিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।
এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবী মানা না হলে আগামীকাল থেকে ফের সড়ক অবরোধ করবেন বলে জানান তারা। এছাড়া পূর্ণদিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্তে অটল রয়েছেন শ্রমিকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন চা-শ্রমিকের সন্তান ও আন্দোলনকারীদের একজন দেবাশীষ গোয়ালা বলেন, চা-বাগান মালিকরা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন। ১২০ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করে আমাদের দয়া দেখাচ্ছেন তারা। কিন্তু আমরা কারও দয়া চাই না। আমরা আমাদের ন্যায্য দাবি চাই। বর্তমান যুগে কোথাও এই মজুরি নেই।
আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, যেখানে শ্রমিকের অধিকার বাস্তবায়ন হয় নাই, সেখানে প্রত্যাহার নয় প্রত্যাখ্যান হওয়া জরুরি। তাই আমরা আমাদের দাবিতে অনড় অবস্থায় আবারও মাঠে নেমেছি।
ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট : দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের চলমান আন্দোলনে সরকারের পক্ষ থেকে ২৫ টাকা বাড়ানোর ঘোষণা এলে তা প্রত্যাখ্যান করে ৩০০ টাকা দৈনিক মজুরির দাবিতে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন চা শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
রোববার মাধবপুরের জগদীশপুর গোল চত্বরে হবিগঞ্জের ২৪টি বাগানের প্রায় চার হাজার শ্রমিক মহাসড়ক অবরোধ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
সরেজমিনে দেখা গেছে, সহস্রাধিক শ্রমিক সড়কে বসে রয়েছেন। কেউ কেউ সড়কে মিছিল করছেন। সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ায় শ্রমিক নেতাদের ‘দালাল’ বলে চা শ্রমিকরা স্লাগান দিচ্ছেন। তারা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন।
অবরোধে মহাসড়কের দুপাশে প্রায় ১০ কিলোমিটার জুড়ে হাজার হাজার গাড়ি থেমে আছে। এতে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
এদিকে চুনারুঘাট মাধবপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ জানিয়েছেন, শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে কিছুক্ষণের মধ্যেই তারা মহাসড়ক থেকে সরে যাবে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনসহ পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হলে তারা সম্মত হয়েছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, দৈনিক মজুরি ২৫ টাকা বাড়ানোর পর জেলা প্রশাসন চা শ্রমিকদের নিয়ে বসে তাদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এরপরও শ্রমিকরা আজ মহাসড়ক অবরোধ করল। শ্রমিকরা এখন তাদের নেতাদের কথা শুনছে না। একেক দল একেকভাবে আন্দোলন করছে। এরপরও সরকারি কর্মকর্তারা সেখানে অবস্থান করে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।
১৩ আগস্ট থেকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে অনির্দিষ্টকালের এ ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। মজুরি বাড়ানোর জন্য বাগান মালিক কর্তৃপক্ষ, মজুরি বোর্ড, চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কয়েক দফায় বৈঠকে দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে চা-শ্রমিকদের নতুন মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়। পরে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল ৩০০ টাকা মজুরির দাবিতে শ্রমিকদের চলমান কর্মবিরতি প্রত্যাখ্যানের ঘোষণা দেন।
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের জুন মাসে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন ও মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ চা সংসদের বৈঠক হয়। সেখানে শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার প্রস্তাব দেন শ্রমিক নেতারা। কিন্তু মালিকপক্ষ ১৪ টাকা বাড়িয়ে ১৩৪ টাকা মজুরির প্রস্তাব দেয়। যে কারণে শ্রমিক নেতারা তা প্রত্যাখ্যান করেন। এরপর আরও এক মাস পার হয়ে যায়। মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত জানায়নি। এর প্রতিবাদে ৯-১২ আগস্ট পর্যন্ত টানা চার দিন প্রতিদিন দুই ঘণ্টা করে ধর্মঘট পালন করেন চা-শ্রমিকরা। তারপরও মালিকপক্ষ থেকে এ বিষয়ে কোনো কথা না বলায় ১৩ আগস্ট থেকে বাংলাদেশের সব চা-বাগানে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।






