কে এম সাইদুল ইসলাম রাজনগর (মৌলভীবাজার)
মৌলভীবাজারের রাজনগর উপজেলার সরকারি উদনা খালে অবৈধভাবে জাল দিয়ে মৎস্য আহরণ বন্ধের জন্য গত ২১ আগস্ট উপজেলার দো-গাঁও গ্রামের সিরাজ মিয়াসহ প্রায় এক’শ জন স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের বরাবরে দেওয়া হয়েছে। উদনা খালটি জলমহাল হিসেবে ক্যালেন্ডার ভুক্ত না হওয়ায় সরকার হারাচ্ছে রাজস্ব। স্থানীয় ভাবে চলছে নিলাম ডাকের মাধ্যমে ঘাট বরাদ্দ।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, রাজনগর উপজেলার সরকারি উদনা খালটি উত্তাইসার-৭৫, দো-গাঁও-৫৭, পাগুড়া-৫৯ ও শ্রীভোগ-৭৭ মৌজার উপর দিয়ে প্রবাহিত রয়েছে। উদনা খাল সরকারি জলমহাল ভুক্ত না হওয়ায় দীর্ঘ দিন ধরে উন্মুক্ত জলাশয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। লিখিত অভিযোগে বলা হয়েছে সারমপুর গ্রামের আনছার আলী রুশন নামীয় ব্যক্তি কোনো প্রকার লীজ বা বন্দোবস্ত না নিয়ে দীর্ঘ দিন যাবৎ তার নিজস্ব লোক দিয়ে বেল জালের মাধ্যমে অবৈধভাবে মৎস্য আহরণ করছেন। দরখাস্তকারীরা বাঁধা আপত্তি করলে তাদের সাথে বাকবিতন্ডা হয় এবং ভবিষ্যতে যে কোনো সময় এই উদনা খাল নিয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হতে পারে বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন অভিযোগকারীরা।
আনছার আলী রুশন বলেন, দীর্ঘ দিন যাবৎ গ্রামের পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে স্থানীয়দের মাঝে ঘাট হিসেবে প্রতি বছর নিলাম ডাকের মাধ্যমে দেওয়া হয়। নিলামের টাকা স্থানীয় পৈতুরা জামে মসজিদের ফান্ডে যায়। উক্ত টাকা দিয়ে মসজিদের উন্নয়ন মূলক কাজ সহ ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা দেওয়া হয়। আমি উদনা খালের মৎস্য আহরণ করছি বলে যে অভিযোগ হয়েছে তা সম্পুর্ন মিথ্যা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উদনা খালের কয়েকটি স্থানে ৬ থেকে ৭টি বেল জাল পাতানো। স্থানীয় ভাবে প্রতি বছর নিলাম ডাকের মাধ্যমে ঘাট হিসেবে স্থান নির্ধারণ করে বিভিন্ন ব্যক্তিকে দেওয়া হয়। নজরুল মিয়া এ বছর দু’টি ঘাট ৪০ হাজার টাকা দিয়ে নিয়েছেন বলে প্রতিবেদক কে জানান। একই ভাবে আউয়াল মিয়া দু’টি ঘাট নিয়েছেন ৩৩ হাজার টাকা দিয়ে। ছমির মিয়া নামের আরেক জন ব্যক্তি ৭ হাজার টাকা দিয়ে নিয়েছেন একটি ঘাট। তাদের সাথে আলাপে তারা বলেন, প্রতি বছর বর্ষার পূর্বে এই ভাবে নিলাম ডাকের মাধ্যমে ঘাট হিসাব বন্টন করা হয়। নিলাম ডাকের টাকা স্থানীয় পৈতুরা জামে মসজিদের ফান্ডে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, উদনা খাল নিয়ে অভিযোগ পেয়েছি। উদনা খাল টি সরকারি সম্পত্তি। জলমহাল ভুক্ত না হওয়ায় উক্ত খালটি সরকারি উন্মুক্ত জলাশয় হিসেবে রয়েছে। জলমহাল ক্যালেন্ডার ভুক্ত করে ইজারা আওতাধীনে আনা হবে। অভিযোগ টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






