*জেলা প্রতিনিধি,* *মৌলভীবাজার**:*
মৌলভীবাজারের কুলাউড়ায় এসে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হলো পাঁচ জন
ডাকাত । শুক্রবার গভীর রাতে উপজেলার বরমচালের ফুলেরতল বাজারের নির্জন স্থান
থেকে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এসময় তাঁদের ব্যবহৃত একটি টাটা
পিকআপ ভ্যান জব্দ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার বিকেল ৫ টায়
প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে কুলাউড়া থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে দেশীয়
অস্ত্রসহ একটি ডাকাত দল সিলেট থেকে কুলাউড়ায় এসে দেশীয় অস্ত্রসহ ডাকাতির
প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বরমচালের ফুলেরতল বাজারে
তাঁদের অবস্থান নিশ্চিত হয়ে থানার ওসি আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ অভিযান
চালায়। সেখান থেকে সিলেট জেলার বালাগঞ্জের বাদে অস্তুতপুর গ্রামের কবির মিয়া (
৩৫), সিলেট সদরের আম্বরখানা হাউজিং স্টেটের মো. নয়ন আহমদ (২৫), বিশ্বনাথ
উপজেলার বৈরাগী গ্রামের বাসিন্দা আরশ আলী (২৯), জৈন্তাপুর উপজেলার গর্দান
আমরপুর গ্রামের বাসিন্দা শাকিল আহমদ (২০), কানাইঘাট উপজেলার আগারীপাড়ার
বাসিন্দা আশিক আহমদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের সাথে থাকা ডাকাতিতে
ব্যবহৃত ১টি পিকআপভ্যান, ২টি কাটার (সাঁড়াশি), ২টি ধারালো ছুরি, ১টি ধারালো দা,
একটি লোহার শাবল ও একটি লোহার রড জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে কুলাউড়া থানায়
মামলা নং-২৬ দায়ের করা হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:
আব্দুছ ছালেক বিকেল সাড়ে পাঁচটায় জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশের প্রাথমিক
জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ডাকাতির উদ্দেশ্যে সিলেট থেকে কুলাউড়ায় এসেছিলো।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা ও সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতির
মামলা রয়েছে। শনিবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






