মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের দক্ষিন চমৎকার গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাসুমা আক্তার (১২) নামীয় এক স্কুল ছাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী কবির মিয়া বাদী হয়ে একই এলাকার মকলিছ মিয়া (৫০), বাদল মিয়া (১৮), সুমন মিয়া (২৭), সালমা বেগম (২৯)দের আসামী উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজ ২৬ সেপ্টেম্বর এ সংবাদ পরিবেশন পর্যন্ত আহত মাসুমা আক্তার মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়- গত ২১ সেপ্টেম্বর মাসুমা প্রাইভেট পড়তে যায়। এ সময় পান্না আক্তার নামীয় অপর এক ছাত্রী তাকে লেখা দেখাতে বলে। সে অপারকতা প্রকাশ করলে দুই ছাত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। পরবর্তীতে পান্না আক্তার তার অভিবাবককে উক্ত ঘটনা জানালে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এ সময় মাসুমাকে চুলের মুটি ধরিয়া এলোপাতারিভাবে তলপেট ও পিটে কিল ঘুষি মেরে মাটিতে ফেলে লিলাফুলা জখম করে। তাকে রক্ষা করতে অন্যান্য লোকজন এগিয়ে আসলে তাদের উপরও হামলা করে হামলা কারিরা।









