শিমুল হাসান, নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের চকএনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। এসময় আগ্রহ নিয়ে শিক্ষার্থীদের টিকা নিতে দেখা গেছে। টিকা দেওয়ার পর প্রত্যেক শিক্ষার্থীদের একটি করে চকলেট দেওয়া হয়। শিক্ষার্থীরা জানিয়েছে, টিকা দেওয়ার আগে কিছুটা ভয় থাকলেও টিকার নেওয়ার পর কোন ধরণের ভয় বা শঙ্কা কাজ করেনি। টিকা পেয়ে তারা খুশি। চকএনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সাফিউল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩৪০ জন শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে। কোনো শিক্ষার্থীর টিকা দেওয়ার পরে কোন রকমের কোন সমস্যা দেখা যায়নি। সবাই আনন্দময় পরিবেশে টিকা গ্রহণ করছে। নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার বলেন, জেলায় ১১ অক্টোবর থেকে মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড- ১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ১৩ দিন পর্যন্ত এই টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। জেলার ১ হাজার ৩৭৫ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ৩ লাখ ৮ হাজার ৫৯৭ জন শিক্ষার্থীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, একটি বিদ্যালয়ের কোন শিক্ষার্থী যদি টিকা না পায় বা ছাড়া পড়ে তাহলে সেই শিক্ষার্থী তার পাশের স্কুলে কার্যক্রম চলার সময় সেখানে গিয়ে টিকা গ্রহণ করতে পারবে। এসময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খাঁন চিশতি, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।









