শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর রাণীনগরে ফসলের মাঠ থেকে স্বপন আকন্দ (৩৯) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়সার গ্রামের উত্তর মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। স্বপন আকন্দ জয়সার পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহামনের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে স্বপন বাড়ি থেকে বেরিয়ে খানপুকুর বাজারে যায়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। স্বপন বাড়ি না ফেরায় সন্ধ্যার পর থেকে গ্রামে ও আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাওয়া যায় যে, গ্রামের উত্তর মাঠে ফসলের জমিতে স্বপনের লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।








