স্টাফ রিপোর্টার॥ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক দলের সব পর্যায়ে ২০২৫ সালের মধ্যে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৫ নভেম্বর সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে ইউনিয়ন পরিষদের অপরাজিতা নেটওয়ার্ক এবং নারী উন্নয়ন ফোরাম সংগঠন এই সংবাদ সম্মেলন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মুক্তি চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন রহমান। এছাড়াও মতামত ব্যক্ত করেন, ইউপি সদস্য রাবেয়া আক্তার, খুশবা বেগম, রওশন আরা রেফা, হোসনে আরা সুইটি, জহুরা আক্তার প্রমুখ। প্রিপ ট্রাষ্ট্রের পক্ষে বক্তব্য রাখেন মর্জিনা আক্তার ও সোহেল আহমদ।
সংবাদ সম্মেলনে জানানো হয় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুচ্ছেদের ৯০ (খ) তে বলা হয় রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। কিন্তু ২০২২ সাল অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু আইনটি আলোর মুখ দেখছে না। এখন পর্যন্ত দু-একটি দল ছাড়া কোন দলই ২০ শতাংশের বেশী নারী নেতৃত্ব নিশ্চিত করতে পারেনি। যারা বিভিন্ন কমিটিতে আছেন নামকা ওয়াস্তে কমিটির সদস্য হিসেবে বিদ্যমান আছেন,বাস্তবে তাদেরকে কোন কার্যক্রমে ডাকা হয় না। এদিকে ইতোমধ্যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো থেকে মতামত নিয়ে আইন সংশোধন করে ২০৩০ সাল করার প্রস্তাব অনুমোদন দিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইনটি কয়েক দফা চালাচালির পর এখন চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
এ অবস্থায় ইউনিয়ন পরিষদের অপরাজিতা নেটওয়ার্ক এবং নারী উন্নয়ন ফোরাম সংগঠন তাদের দাবী দাওয়া নিয়ে দেশের ১৬টি জেলায় একযোগে এই সাংবাদিক সম্মেলন করছে। ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলগুলো নারীদের প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিত করা না হলে আরো বৃহত্তর আন্দোলন করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি নুরুল ইসলাম শেফুল,মাছরাঙ্গা টিভি প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল,আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রব। সাংবাদিকরা তাদের দাবীদাওয়ার প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন এ প্রকল্পের কার্যক্রম ১৬ জেলায় না রেখে সারা দেশের ৬৪ টি জেলায় কার্যক্রম বাস্তবায়ন করা দরকার। পাশাপাশি নারী শিক্ষা,নারীর সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।









