কমলগঞ্জ (মৌলভীবাজার প্রতিনিধি:
বিপুল উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য্য, কড়া নিরাপত্তা, আলোকসজ্জায় ঝলমলে মণ্ডপ, ঢোল-মৃদঙ্গের ছন্দ, মণিপুরি তরুণীদের নান্দনিক রাসনৃত্য ও হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মৌলভীবাজারের কমলগঞ্জে বুধবার ঊষালগ্নে সাঙ্গ হলো মণিপুরি সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। কার্তিক পূর্ণিমা তিথিকে ঘিরে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনভর রাখাল নৃত্য ও নানা আয়োজনের পর গভীর রাতে শুরু হয় মূল মহারাসলীলা। বুধবার ভোরে শেষ হয় ঐতিহ্যবাহী এই উৎসব।
আয়োজকরা জানান, মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম মহারাস উৎসব ও আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মীতৈ মণিপুরি সম্প্রদায়ের ৪১তম রাস উৎসব অনুষ্ঠিত হয়। দুই স্থানে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের পর রাতে অনুষ্ঠিত হয় মহারাসলীলা। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও দর্শনার্থীরা এ উৎসবে যোগ দেন।
মঙ্গলবার দুপুর থেকে গোধূলি পর্যন্ত মাধবপুর ও আদমপুরে অনুষ্ঠিত হয় রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা। কৃষ্ণের বাল্যজীবনের নানা ঘটনা ও গোপবালকদের সঙ্গে তাঁর লীলাকে কেন্দ্র করে এ নৃত্য পরিবেশন করে মণিপুরি শিশু-কিশোররা। নৃত্য, সংগীত ও অভিনয়ের সমন্বয়ে পরিবেশিত এ আয়োজন দেখতে বিকেল থেকেই ভিড় করেন দর্শনার্থীরা।
এরপর রাত ১২টার পর শুরু হয় উৎসবের মূল আকর্ষণ, শ্রীকৃষ্ণের মহারাসলীলা। ভোর পর্যন্ত চলে রাধা-কৃষ্ণের প্রেম ও ভক্তির আধ্যাত্মিক আবহে নির্মিত রাসনৃত্য। মণিপুরি তরুণীদের নৃত্যভঙ্গি, পোশাক, সংগীত ও মুদ্রায় ফুটে ওঠে কৃষ্ণ-রাধার লীলার নানা আখ্যান।
মঙ্গলবার রাত ১০টায় মাধবপুর শিববাজারস্থ উন্মুক্ত মঞ্চে মহারাসলীলা সেবা সংঘের সভাপতি এড চাঁদমুরারী সিংহের সভাপতিত্বে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার, মৌলভীবাজার -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্নসচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম, কেন্দ্রীয় পরিষদ, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, মণিপুরী ললিতকলা একাডেমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। এর পরবর্তীতে বেগম খালেদা জিয়া বিশেষ নজরদারি রাখতেন। এটা কিন্তু বিএনপির প্রতিষ্ঠিত।
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়নের মূল কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। তিনি মনে করতেন আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে তা নানান দিকে ছড়িয়ে যাক।
মণিপুরী সম্প্রদায়ের ইতিহাস ও সংস্কৃতিতে মহারাসলীলার রয়েছে গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব।
এ সময় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মনিপুরী সম্প্রদায়ের সংস্কৃতি সিলেটের সংস্কৃতির একটি অংশ। আমাদের এখানে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রতি রয়েছে। তিনি অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতি মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, রাষ্ট্রীয় সংস্কৃতিতে যেন মনিপুরী সম্প্রদায়কে সম্পৃক্ত করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রপ্রতি ছিলেন তখন রাষ্ট্রীয় অতিথিদের সামনে মণিপুরীদের সংস্কৃতি তুলে ধরতেন। বিজয় দিবসে মনিপুরী নৃত্য প্রবেশন করা হয় জাতীয় স্টেডিয়ামে। তাদের কালচারাল প্রোগ্রাম গুলো রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ করে দেয়া হলে আমি মনে করি আমাদের এই সম্প্রীতি আরো সমৃদ্ধশালী হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র সিংহ ১৭৭৯ সালে এই রাস উৎসবের প্রচলন করেন। এরপর থেকে কার্তিক পূর্ণিমা তিথিতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে মহারাসলীলা পালিত হয়ে আসছে।
শুধু ধর্মীয় আচার নয়, সময়ের সঙ্গে সঙ্গে মহারাসলীলা মণিপুরী জাতিসত্তার ভাষা, পোশাক, সংগীত, নৃত্য ও ঐতিহ্য সংরক্ষণেরও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। প্রজন্ম থেকে প্রজন্মে নৃত্য ও সংগীতের এই ধারা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে টিকে আছে মণিপুরীদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য।
মণিপুরী রাসনৃত্যের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও রয়েছে ঐতিহাসিক যোগসূত্র। ১৯২৬ সালে সিলেটের মাছিমপুরে মণিপুরী রাসনৃত্য দেখে মুগ্ধ হন কবিগুরু। পরে কমলগঞ্জের নৃত্যশিক্ষক নীলেশ্বর মুখার্জিকে শান্তিনিকেতনে নিয়ে গিয়ে মণিপুরী নৃত্যশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এর মধ্য দিয়ে মণিপুরের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিসর ছাড়িয়ে মণিপুরী নৃত্য ছড়িয়ে পড়ে বৃহত্তর সাংস্কৃতিক অঙ্গনে। বর্তমানে বাংলাদেশের মণিপুরি সম্প্রদায়ের মহারাসলীলা সেই ঐতিহ্যেরই ধারাবাহিক বহিঃপ্রকাশ।
মহারাসলীলা দেখতে কেবল মণিপুরি সম্প্রদায়ের মানুষই নন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষও ভিড় করেন। ফলে রাস উৎসব ঘিরে মণিপুরী পল্লিগুলোতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
মাধবপুর মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন বলেন, শুধু নিজস্ব আচার নয়, সাংস্কৃতিক মেলবন্ধন আর অসাম্প্রদায়িক প্রতীক হয়ে উঠেছে মণিপুরীদের এই উৎসব।
তিনি বলেন, মহারাসলীলা মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি তাদের নৃত্য, সংগীত ও ঐতিহ্যকে ধারণ করে। নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখার ক্ষেত্রেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।






