আজ-  ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা চাই চাকরীর নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন

সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি

সংবাদ বিজ্ঞপ্তি

আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬

সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬: অন্যের মতামত ও মতপ্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ, পারস্পারিক সম্মান প্রদশর্নের মাধ্যমে দ্বিমত থাকলে তা যুক্তির মাধ্যমে খণ্ডন করা এবং সঠিক তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে নিজের বক্তব্য উপস্থাপন করাই হলো বিতর্কের মূল্যবোধ। যা শুধু প্রতিযোগিতার ক্ষেত্রে নয়, বরং আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ সাভারের সিসিডিবি হোপ সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সংস্থাটির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সারাদেশের ৩২টি বিতর্ক দল ও প্রতিযোগিতার বিচারকমণ্ডলী এ সময় উপস্থিত ছিলেন। উপস্থিত সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক।

বিতার্কিক ও বিচারকদের আন্তরিকভাবে ম্বাগত জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আপনাদের সকলকে একসঙ্গে পাওয়া আমাদের জন্য পুরস্কারস্বরূপ ও সৌভাগ্যের ব্যাপার। এই প্রতিযোগীতায় আপনারা সময়ানুবর্তিতা, সহনশীলতা ও যৌক্তিকবোধের যে চর্চা করছেন, বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা তা অব্যাহত রাখবেন-এই প্রত্যাশা করছি।’

টিআইবির দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বেগবান করার ক্ষেত্রে তরুণ সমাজ অন্যতম সহায়ক শক্তি উল্লেখ করে ড. জামান বলেন, ‘দুর্নীতির কারণে সাধারণ মানুষকে চড়া মূল্য দিতে হয়। কোনো ধরনের সম্পৃক্ততা ছাড়াই তাদেরকে ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। আমরা যদি মধ্যমমাত্রায়ও দুর্নীতি নিয়ন্ত্রণে সক্ষম হতাম, তাহলে আমাদের জিডিপি ২ থেকে ৩ শতাংশ বৃদ্ধি পেত। আর কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারলে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার রোধ করতে পারতাম।’

দুর্নীতি নিয়ন্ত্রণের চারটি পূর্বশর্ত উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছা দুর্নীতি নিয়ন্ত্রনের প্রথম শর্ত। যাদের হাতে কর্তৃত্ব, রাষ্ট্রক্ষমতা ও সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা রয়েছে, সেই রাজনৈতিক শক্তিকে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সর্বপ্রথম আন্তরিক ও প্রত্যয়ী হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তার জবাবতিহিতার আওতায় এনে সুবিচার নিশ্চিত করা। এক্ষেত্রে যে কোনো ধরনের ভয়-ভীতি ও করুণার ঊর্ধে উঠে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় নির্বিশেষে ‘‘আইনের দৃষ্টিতে সবাই সমান’’ এই মূল্যবোধকে লালন করতে হবে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানসহ দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত এ জাতীয় প্রতিষ্ঠানের কার্যকর স্বাধীনতা ও তারা যাতে অর্পিত দায়িত্ব যথানিয়মে পালনে সক্ষম হয়, তা নিশ্চিত করা হচ্ছে তৃতীয় শর্ত। সর্বোপরি সাধারণ জনগণের দুর্নীতিবিরোধী বোধ ও এ বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করাটাই হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণের চতুর্থ পূর্বশর্ত। সাধারণ মানুষ তথা সেবাগ্রহীতাকে দুর্নীতিবিরোধী চাহিদা সৃষ্টি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। টিআইবি তরুণ প্রজন্মসহ সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।’

টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘এই প্রতিযোগীতার মাধ্যমে একদিকে আপনাদের নতুন নতুন বিষয় সম্পর্কে যেমন ধারণা তৈরি হবে, অন্যদিকে সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্ব হবে। এটা মেলবন্ধনের এক অপূর্ব সুযোগ। অধিকন্তু, আমরা সারাবছর আপনাদের জন্য অপেক্ষা করি। আমরা আশা করছি, আপনারা দুর্নীতিবিরোধী অন্যতম এজেন্ট হিসেবে এই সামাজিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন।’

এ বছর চর্তুথবারের মতো ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ এই আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানার্স আপ দলকে ৩০ হাজার ও সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কারসহ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। এবারের প্রতিযোগীতার সেরা আটটি দল পরবর্তী আয়োজনে নিবন্ধন সাপেক্ষে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। আয়োজনের প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে কমপক্ষে একজন নারী সদস্যের বাধ্যতামূলক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে।