নয়াযোগী তাতে উঠলে যে অবস্থা হয় ফেসবুকে আমার অবস্থাও বোধহয় তদ্রুপ। পুরো মাত্রায় টাইপ আয়ত্বে আনতে পারিনি এখনো। ছোট মেয়ে ও ছেলে তাতে সহযোগিতা করে। লিখা নিয়ে ক্রিয়া-প্রতিক্রিয়া তো আছেই। যে মানসিকতা মজ্জাগত হয়েছে তাতে মুখে অপ্রিয়সত্য ও কলমে খোঁচার বাতিক থাকবেই। বাস্তবতা অনুধাবন করে মনে মনে বলি-ইল্লত যায় না ধুইলে, খাসালত যায় মইলে। খাসালতের দিকটা পাঠকমহল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। লন্ডন প্রবাসী ও কম্যুনিটি ব্যক্তিত্ব টিপু সুলতান চৌধুরী বয়সে আমার ছোট হলেও মায়ের চাচাতো ভাই বিধায় তিনি আমার মামা। তাকে শ্রদ্ধা করি। তার কনিষ্ঠ পুত্রের বিয়ে উপলক্ষে গত বুধবার (২ নভেম্বর) গিয়েছিলাম বেঙ্গল কনভেনশন হলে। সাথে দুজন সাংবাদিকও ছিলেন। যে টেবিলে বসেছিলাম তাতে চেয়ার আটটি। তিনটিতে আমরা তিন সাংবাদিক একটিতে এক মুক্তিযোদ্ধা এবং বাকি চারটিতে অপরিচিত আরও চারজন অতিথি। আমার ধার ঘেঁষে বসেছিলেন টুপি দাড়িসম্পন্ন এবং লম্বা কুর্তাওলা একজন এবং তার কিশোর ছেলে। টেবিলে সালাদ আসার সাথে সাথেই হাত বাড়িয়ে পাশে বসা লোকটি সালাদ নিজে নিল এবং তার ছেলেকে দিল। ভাত আসতেই ভাতের প্লেট টেনে এনে নিজের পাতে এবং ছেলের পাতে দিয়ে নিজের অগ্রাধিকারকে প্রতিষ্ঠা করল। পরিবেশক যখন রোস্ট বণ্টন করছিল তখন লোকটি এটা না ওটা দাও বলে হাত দিয়ে টেনে আনতে চাচ্ছিল। ভদ্ররতা বজায় রেখে পরিবেশক বলল-হাত লাগাবেন না প্লিজ। তারপর আসল গাওয়া। আসতে না আসতেই লোকটি বাটি টেনে এনে নিজের পাতে এবং ছেলের পাতে যা ঢালল তা দেখে আমি বেকুব হবার দশা। নিজের পাতে যা ঢেলেছে তা দিয়ে অন্তত আমার দু’বেলা যাবে। ছেলেকেও দিল তদ্রুপ। আরও দু’জন মেহমান মাংস গ্রহণের পর বাটি খালি। তাহলে বাকি চারজনের মেহমানের পাতে মাংস উঠবে না? পরিবেশক আসার পর তাকে মাংস দেবার জন্য বলা হলে সে জানালো আটজনের হিসেব মতোই মাংস দেওয়া হয়েছে। ধমক দেওয়ার পর সে আরেক বাটি মাংস নিয়ে আসল। অবশ্য ততক্ষণে ডাল মাংস হাজির। পাশের লোকটি বাটি টেনে চার চামচ ডাল নিজের পাতে তুলে পরিবেশককে প্রশ্ন করল- ডালে কেবল হাড্ডি কেন? পরিবেশক নিরুত্তর। অতঃপর শেষের পরিবেশিত গাওয়া মাংসের দিকে হাত বাড়ালে মুক্তিযোদ্ধা অতিথি হাঁক ছাড়লেন- খবরদার হাত বাড়াবেন না। এ মাংস আনিয়েছি আমাদের জন্য। সাংবাদিক জবলু উনুচ্চ কণ্ঠে বলল- পেটে হেজার জ্বালা লইয়া আইছে। আমি বললাম- মাতিও না বিন খাইবায়। খাদক এই মোল্লা প্রকৃতির লোকটির দিকে চেয়ে স্মৃতি অতীতমুখী হলো। ১৯৮২ সনের কথা। রংপুর থেকে শ্রীমঙ্গল আসব ট্রেনযোগে। সাথে সহচর লেচু মিয়া। বাহাদুরাবাদ ঘাট থেকে ট্রেনে উঠার পর ট্রেনটি যখন জামালপুর স্টেশনে থামল তখন ভোর হয় হয় অবস্থা। হকারদের হাঁকডাকে প্লাটফর্ম তখন মুখরিত। চা-বিক্রেতার নিকট থেকে পানি এনে মুখ ধুয়ে দু’জনে দুটি করে সিঙ্গাড়া খেয়ে এবং চা-পান করে সকালের নাস্তা সেরেছিলাম। আমাদের সম্মুখের সিটে বসা যারা ছিলেন তাদের মধ্যে কৈশোর উত্তীর্ণ এক যুবকও ছিল। পরনে পাঞ্জাবি ও লুঙ্গি। তার বাড়ি চিলাহাটিতে। সিলেটে এক মাদরাসাতে পড়ে। এবং থাকে এতিমখানাতে। তাই পরিবেশগতভাবে মাগনা খানিতে অভ্যস্ত অবশ্যই। ব্যাগ থেকে সে বড় একটি বার্লির কৌটা বের করে একহালি সাগর কলা কিনে চিবোতে শুরু করল। মা হয়তো আধা সের পরিমাণ চিড়া ভেজে বার্লির কৌটায় ভরে দিয়েছিলেন পথে খাবারের জন্য। চিড়া কলা খাবার পর ছেলেটি চারটি সেদ্ধ ডিম কিনে খেল। অতঃপর সিঙ্গাড়াওলা আসতেই আরও চারটি সিঙ্গাড়া কিনে গলাধঃকরণ করল। তখন ভেবেছিলাম ছোট পেটে এতকিছু সইল কেমনে! এই প্রশ্নের জবাব পেয়েছি বেশ পরে। কথায় বলে মাগনা গোস্তে খলই ভরা সহজ। এভাবে মাগনা খানিতে পেটও টিলটিলা হয়। পেটওলাদের ক্ষুধার শেষ নেই। যত পায় তত খায়। বেশ আগে পাকিস্তানী এক মেজরের বই পড়েছিলাম। ১৯৭১ সনে ১৬ ডিসেম্বরে পাকিস্তানী আত্মসমর্পণকারী সৈনিকদেরকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। বন্দিশালার উপর মেজর যে বর্ণনা করেছেন তার কিয়দংশ এখানে উল্লেখ করছি। বড় একটি হল ঘরে পাকিস্তানী সেনা অফিসারদেরকে খাদ্য পরিবেশন করা হতো। বিভিন্ন ডায়নিং টেবিলে ভাগ হয়ে বসতেন ঊর্ধতন অধঃস্তন অফিসাররা। পরিবেশক মাংসের বৌল রাখত সিনিয়র অফিসারের সম্মুখে। তিনি নিজ হাতে তার পাতে মাংস রেখে বোল ঠেলে দিতেন অন্যকে। মাংসের বোল সরতে সরতে টেবিলের শেষ প্রান্তে গেলে দেখা যেত, বৌলে পরে আছে কিছু হাড্ডিও ঝুল। বাকিদেরকে তা-ই খেতে হতো। খানির টেবিলে বসলেই আত্মস্বার্থের দাপাদাপি দেখা যায়। এই স্বার্থের খেলা কি শুধু খানির টেবিলেই সীমাবদ্ধ? অঙ্গন ছেড়ে প্রাঙ্গণে বের হলেই দেখা যায় কে স্বার্থপর আর কে ত্যাগী! তবে ত্যাগের চাইতে ভোগের মহিমাই বড়। পুরনো কিংবদন্তি তখন ক্ষীণ কণ্ঠে উচ্চারিত হয়- দুই হাতে খাজুয়াইলে তারে কয় দাউদ/ পর আপনা বুঝে যে তারে কয় সাউদ। সাউদের সংখ্যা দিনেদিনে হ্রাস পাচ্ছে। নন্দিত নরকে গুলজার হবার ঘণ্টা বোধহয় বেজেছে বেশ আগেই।








