আজ-  ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বরখাস্ত প্রধান শিক্ষিকাকে ‘কর্মরত’ দেখিয়ে পূর্ণ বেতন দেওয়ার অভিযোগ, ১৫ দিনেও ব্যাখ্যা দেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। «» কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি «» লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজার এর এজিএম  অনুষ্ঠানে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ «» লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজার এর এজিএম  অনুষ্ঠানে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ «» জাতীয় প্রতিযোগিতায় সেরা শ্রীমঙ্গলের ৯ ক্ষুদে গবেষককে সংবর্ধনা দিল অঙ্গীকার «» ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ «» আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার সদস্য «» সান্তাহার পৌরসভায় রাজস্ব আদায়ে কালেকশন বুথ উদ্বোধন করলেন প্রশাসক মাসুমা «» কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন 

বরখাস্ত প্রধান শিক্ষিকাকে ‘কর্মরত’ দেখিয়ে পূর্ণ বেতন দেওয়ার অভিযোগ, ১৫ দিনেও ব্যাখ্যা দেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারের ঐতিহ্যবাহী হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে সাময়িক বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ইএফটি বিলে ‘কর্মরত’ দেখিয়ে পূর্ণ বেতন প্রদানের অভিযোগে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এডহক কমিটির কোনো লিখিত সিদ্ধান্ত বা অনুমোদন ছাড়াই তাঁকে পূর্ণ বেতন দেওয়ার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমানকে পাঠানো লিগ্যাল নোটিশের নির্ধারিত ১৫ দিন পার হলেও কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন নোটিশ প্রদানকারী পক্ষ। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ঘটনায় বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা, সরকারি এমপিও বেতন বিলের স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।
বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি আবুল কাশেম খানের পক্ষে মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল আলম রুহেল গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমানকে এ লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়- বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, কর্মস্থলে অনুপস্থিতি ও প্রশাসনিক অসহযোগিতার অভিযোগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা অনুযায়ী সাবেক প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে ১৭ জুলাই ২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশে হাবিবুর রহমানকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের পত্রে রাশেদা বেগমকে প্রধান শিক্ষকের পদ থেকে পরিবর্তনের নির্দেশ দেয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বরখাস্ত থাকাকালে প্রথম দুই মাস রাশেদা বেগমের এমপিও বেতনের ইএফটি বিলে ‘সাময়িক বরখাস্ত’ অপশন নির্বাচন করে অর্ধেক বেতন জমা দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে কমিটির কোনো রেজুলেশন বা অনুমোদন ছাড়াই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজ সিদ্ধান্তে তাঁকে ইএফটি বিলে ‘কর্মরত’ দেখিয়ে পূর্ণ বেতন প্রদানের ব্যবস্থা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এমনকি ইএফটি বিলের মন্তব্যের ঘরে ‘সাময়িক বরখাস্ত’ বিষয়টি উল্লেখ না করে ‘কর্মরত’ দেখানোর অভিযোগও তোলা হয়েছে। নোটিশে বলা হয়, প্রতিষ্ঠানের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে এ ধরনের কার্যক্রমের দায়ভার সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ওপর বর্তায়।
নোটিশে আরও অভিযোগ করা হয়, এ ধরনের কার্যক্রমের কারণে সাময়িক বরখাস্তকৃত সাবেক প্রধান শিক্ষিকা রাশেদা বেগম বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পুনরায় গ্রহণের চেষ্টা চালাচ্ছেন। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও চলমান তদন্ত বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে অভিভাবক প্রতিনিধি আবুল কাশেম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন-“অভিভাবকদের পক্ষ থেকে এ ধরনের অন্যায় ও অনিয়মের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি আমি আইনগতভাবে দেখব।” নোটিশের নির্ধারিত ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়ার কথা থাকলেও জবাব না পাওয়ায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে বিদ্যালয়ের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, এমপিও বেতন প্রদানের তথ্য যাচাই এবং সাময়িক বরখাস্তের আদেশের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন শিক্ষা কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকদের একটি অংশ।
তবে অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান এবং সাবেক প্রধান শিক্ষিকা রাশেদা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।

ছবি সংযুক্ত।