মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, মৌলভীবাজারের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এর প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তাঁরা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য ও সংহতির চেতনা জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ছবি সংযুক্ত।






