এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর।
সহকারী শিক্ষক রোজিনা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্যামল চন্দ্র শীল, সহকারী শিক্ষক কামারুন মনিরা এবং লিপি ভট্টাচার্য।
সভাপতির বক্তব্যে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর বলেন-জলাতঙ্ক জীবাণু সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতেই সারা বিশ্বে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়। এই রোগের রোগীরা জল দেখে বা জলের কথা মনে পড়লে প্রচণ্ড আতঙ্কিত হয় বলে এই রোগের নাম জলাতঙ্ক। ভাইরাসজনিত এই রোগটি সাধারণত কুকুর, শেয়াল, বাদুড় প্রভৃতি উষ্ণ রক্তের প্রাণীদের মধ্যে দেখা যায়। এটি এক প্রাণী থেকে আরেক প্রাাণীতে পরিবাহিত হয় তার লালা বা রক্তের দ্বারা। প্রতিবছর বিশ্বে যত মানুষ কুকুরের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় তার ৯৯ শতাংশই এই রোগের কারণে হয়। শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান নয়, জলাতঙ্ক নির্মূল করতে হলে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।






