আব্দুল বাছিত খাঁন,মৌলভীবাজারঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, ‘আমরা মানুষের স্বপ্নের পুলিশ হতে চাই। পুলিশ আপনাদের ভাই-বন্ধু, আগের চেয়ে পুলিশী সেবা অনেক উন্নত হয়েছে। আমরা জনগণের পুলিশ হতে চাই। জনগণের পাশে থাকতে চাই। স্বপ্নের পুলিশ উপহার দিতে চাই’ তিনি শনিবার (২৫ জানুয়ারি ) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, ‘গত দুই বছরে ৯৯৯-এ ২ কোটি মানুষের কাছ থেকে সাহায্যের জন্য ফোন পেয়েছি। এরমধ্যে অর্ধকোটি (৫০ লক্ষ) মানুষকে সাহায্য করেছি। এটা অনেক বড় একটি বিষয়। সাধারণ মানুষের জন্য পুলিশের এক বিশাল সেবা।’আইজিপি বলেন, ‘থানাকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চাই। স্বপ্নের পুলিশ উপহার দিতে চাই। সারাদেশে মাদকের যে ভয়াবহ বিস্তার ঘটেছে, পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। কোন পুলিশ সদস্যও যদি মাদকের সাথে জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবেনা। পুলিশ সুপার ফারুক আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের ডিআইজি কামরুল আহসান।এর আগে মৌলভীবাজার জেলা পুলিশের বার্ষিক ক্রীড়ায় দৌড় প্রতিযোগিতা, তৈলাক্ত কলাগাছে ওঠা, রশি টানা প্রতিযোগিতা, অতিথিদের বেলুন ফুটানো এবং নারী অতিথিদের বালিশ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।






