আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ডেভেলপমেন্ট অরগানাইজেশন ফর লোকাল এডভান্সমেন্ট (ডোলা)। শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় আশুলিয়ার পলাশবাড়ী কাঁঠালতলা এলাকায় শতাধিক অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিবন্ধীদের জন্য গড়ে তোলা সামাজিক সংগঠন ডোলা’র সভাপতি ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল হালিম চৌধুরী বলেন, অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকে দীর্ঘ কয়েকবছর ধরে আমি ও আমার ভাই মরহুম আবু তাহের চৌধুরী অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র, ইফতার সামগ্রী, করোনাকালীন খাদ্যসামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ সংগঠনের পক্ষ থেকে শতাধিক অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হলো। চেষ্টা করেছি তাদের দুঃখগুলো ভাগ করে নিয়ে কিছুটা হলেও এই ঈদে তাদের মুখে যেন একটু হাসি ফোটে। মানুষের জন্য মানবতার এই কর্মসূচি অব্যাহত থাকবে। এসময় তিনি অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে দুধ, চিনি, সেমাই, পোলার চাউল, মুরগীসহ নানা উপকরণ।
এসময় উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট অরগানাইজেশন ফর লোকাল এডভান্সমেন্ট (ডোলা) সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আল মামুন বিপ্লব, সংগঠনটির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক বাবুল আহম্মেদ প্রমুখ।








