মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার সরকারি উদনা খালে মাছ ধরা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পৈতুরা জামে মসজিদ কমিটি দাবী করছে খালের মাছ বিক্রির টাকা মসজিদের ইমামের মাসিক বেতন সহ উন্নয়ন মুলক কাজে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে দু-গাও জামে মসজিদ কমিটির পক্ষে পাঁচগাও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার জুবেল আহমদ এর দাবী খালটি উন্মুক্ত রেখে এলাকার মানুষ মাছ ধরবে। মসজিদের নামে খালটি থেকে অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে। এব্যাপারে গত ২১ আগস্ট উপজেলার দো-গাঁও গ্রামের সিরাজ মিয়াসহ শতাধিক মানুষের স্বাক্ষর করে একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের নিকট দেয়।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, রাজনগর উপজেলার সরকারি উদনা খালটি উত্তাইসার-৭৫, দো-গাঁও-৫৭, পাগুড়া-৫৯ ও শ্রীভোগ-৭৭ মৌজার উপর দিয়ে প্রবাহিত রয়েছে। উদনা খাল সরকারি জলমহাল ভুক্ত না হওয়ায় দীর্ঘ দিন ধরে উন্মুক্ত জলাশয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। সারমপুর গ্রামের আনছার আলী রুশন নামীয় ব্যক্তি কোনো প্রকার লীজ বা বন্দোবস্ত না নিয়ে দীর্ঘ দিন যাবৎ তার নিজস্ব লোক দিয়ে বেল জালের মাধ্যমে অবৈধ ভাবে মৎস্য আহরণ করছেন। যে কোনো সময় এই উদনা খাল নিয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হতে পারে বলে অভিযোগে উল্লেখ করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উদনা খালের কয়েকটি স্থানে ৬ থেকে ৭টি বেল জাল পাতানো। স্থানীয় ভাবে প্রতি বছর নিলাম ডাকের মাধ্যমে ঘাট হিসেবে স্থান নির্ধারণ করে বিভিন্ন ব্যক্তিকে দেওয়া হয়। নজরুল মিয়া এ বছর দু’টি ঘাট ৪০ হাজার টাকা দিয়ে নিয়েছেন বলে প্রতিবেদক কে জানান। একই ভাবে আউয়াল মিয়া দু’টি ঘাট নিয়েছেন ৩৩ হাজার টাকা দিয়ে। ছমির মিয়া নামের আরেক জন ব্যক্তি ৭ হাজার টাকা দিয়ে নিয়েছেন একটি ঘাট। তাদের সাথে আলাপে তারা বলেন, প্রতি বছর বর্ষার পূর্বে এই ভাবে নিলাম ডাকের মাধ্যমে ঘাট হিসাব বন্টন করা হয়। নিলাম ডাকের টাকা স্থানীয় পৈতুরা জামে মসজিদের ফান্ডে দেওয়া হয়।৩ নং ওয়ার্ডের মেম্বার জুবেল আহমদ বলেন, আমি ঐ ওয়ার্ডের মেম্বার। উদনা ছড়া খাল থেকে একক ভাবে মাছ ধরে একটি মসজিদে টাকা সাহায্য করার কথা বলছেন আনছার আলী রোশন। কিন্তু এই ওয়ার্ডে মসজিদ একটি নয়। এখানে উতাইসার, দু-গাও, সারমপুর, পৈইতুরা জামে মসজিদ রয়েছে। মসজিদে মাছ বিক্রর টাকা দিতে গেলে সব মসজিদ টাকা পাওয়ার দাবীদার। আর না হলে উদনা খালটি জলমহাল হিসেবে ক্যালেন্ডার ভুক্ত না হওয়ার কারনে পূর্বেও যে ভাবে উন্মুক্ত ছিল সে রকম উন্মুক্ত রেখে সাধারন জনগন ভোগ দখল করবে। স্থানীয় ভাবে নিলাম ডাকের মাধ্যমে সরকার কেন রাজস্ব হারাবে।
এব্যাপারে আনছার আলী রুশন বলেন, দীর্ঘ দিন যাবৎ গ্রামের পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে স্থানীয়দের মাঝে ঘাট হিসেবে প্রতি বছর নিলাম ডাকের মাধ্যমে দেওয়া হয়। নিলামের টাকা স্থানীয় পৈতুরা জামে মসজিদের ফান্ডে যায়। উক্ত টাকা দিয়ে মসজিদের উন্নয়ন মূলক কাজ সহ ইমাম মুয়াজ্জিনের বেতন ভাতা দেওয়া হয়। এছাড়াও পৈতুরা জামে মসজিদের জন্য আমি মজিদের মিনারা, অজু খানা, ১টি এসি, মখতব খানা নিজ অর্থায়নে করে দিয়েছি। মসজিদটি আমার দাদা মরহুম হাজী রিয়াছত মিয়া তৈরী করে গিয়েছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, উদনা খাল নিয়ে অভিযোগ পেয়েছি। উদনা খাল টি সরকারি সম্পত্তি। জলমহাল ভুক্ত না হওয়ায় উক্ত খালটি সরকারি উন্মুক্ত জলাশয় হিসেবে রয়েছে। জলমহাল ক্যালেন্ডার ভুক্ত করে ইজারা আওতাধীনে আনা হবে। অভিযোগ টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজনগরে উদনা খালের মাছ ধরা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে
Catagory : সারা দেশ | তারিখ : সেপ্টেম্বর, ৩, ২০২২, ৬:০৮ অপরাহ্ণ • ১০ বার পঠিত






