সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট অঞ্চল থেকে
দেশব্যাপী নাট্য কর্মশালা ও সাংগঠনিক শিল্পযাত্রার শুভ সূচনা
‘ছড়াবো আলো শিক্ষা ও শিল্পে তারুণ্যের জয়গানে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ তার অভিষ্ঠ লক্ষ্য অর্জনের দিকে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। হাঁটি হাঁটি পা পা করে সংগঠনের ৭ বছর পূর্ণ হলো। সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে অন্যতম হলো বাংলাদেশের ২০টি অঞ্চলে নাট্য কর্মশালা ও সাংগঠনিক শিল্পযাত্রার আয়োজন। দেশব্যাপী গৃহীত এই কর্মসূচির শুভ সূচনা হলো পূণ্যভূমি ও প্রকৃতি কন্যা সিলেট অঞ্চলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সংসদের ব্যবস্থাপনায় ও জেলা শিল্পকলা একাডেমি সিলেট এর সহযোগিতায় সিলেট অঞ্চলের নাট্য কর্মশালা ও সাংগঠনিক শিল্পযাত্রা কর্মসূচিটি আজ (১৭ নভেম্বর ২০২২) বেলা ৩টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নাট্য কর্মশালা ও সাংগঠনিক শিল্পযাত্রা কর্মসূচিটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সংসদের সভাপতি মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট বিভাগীয় সমন্বয়ক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক ও আয়োজনের সমন্বয়ক অসিত বরণ দাশ গুপ্ত।
কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আল জাবির এবং ক্যাম্পাস থিয়েটার আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হাবিব তাড়াশি।
পল্লবী দাস মৌ এর উপস্থাপনায় আয়োজনের শুরুতেই উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন ললিত মঞ্জরী সিলেট এর নৃত্যশিল্পীবৃন্দ। কর্মশালা শেষে বিভিন্ন ক্যাম্পাসের অংশগ্রহণকারী ৬০জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘোষণা করা হয়।






